যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

মৌসুমের বাকি অংশে নেই কভারাতসখেলিয়া

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৩:১৩ PM ১০
মৌসুমের বাকি অংশে নেই কভারাতসখেলিয়া

ছবি: সংগৃহীত

প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জর্জিয়ান ফরোয়ার্ড কভিচা কভারাতসখেলিয়ার ২০২৬-২৭ মৌসুম আর খেলা হচ্ছে না। বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যাওয়ায় দীর্ঘ পুনর্বাসনের মধ্য দিয়ে যেতে হবে তাঁকে। চোটের চিকিৎসায় শিগগিরই অস্ত্রোপচার করানোর কথা জানিয়েছে ক্লাবটি।

বার্সেলোনাকে ৪-২ গোলে হারানোর ম্যাচে ৫৯তম মিনিটে চোট পান কভারাতসখেলিয়া। প্রতিপক্ষের জাভি এস্পার্তের সঙ্গে বলের নিয়ন্ত্রণ নেওয়ার লড়াইয়ের সময় তাঁর ডান হাঁটুতে আঘাত লাগে। পরিস্থিতি গুরুতর হওয়ায় পিএসজির চিকিৎসাকর্মীরা তাঁকে মাঠের বাইরে নিয়ে যান। পরে পরীক্ষায় এসিএল ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

অস্ত্রোপচারের পর শুরু হবে দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন। ক্লাবের পক্ষ থেকে তাঁর মাঠে ফেরার নির্দিষ্ট সময় জানানো হয়নি। তবে এ ধরনের চোট থেকে সেরে উঠতে সাধারণত দীর্ঘ সময় লাগে, ফলে চলতি মৌসুমে তাঁর ফেরার সম্ভাবনা নেই বলেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চোটের পর মানসিকভাবে হতাশ কভারাতসখেলিয়া নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, ‘বিশেষ করে আমার সঙ্গেই কেন এমন হলো? আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না।’ তাঁর এই বার্তায় বড় চোটের ধাক্কা ও হতাশার প্রকাশ পেয়েছে।

এদিকে পিএসজি তারকার পাশে দাঁড়িয়েছেন পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে এক অনুপ্রেরণামূলক বার্তায় তিনি বলেন, ফুটবলের কঠিন লড়াইগুলোর অনেকটাই এমন, যা বাইরে থেকে দেখা যায় না। কভারাতসখেলিয়াকে নিজের সামর্থ্যের ওপর বিশ্বাস ধরে রাখার আহ্বান জানিয়ে রোনালদো লিখেছেন, কঠিন সময় যেন তাঁর আত্মবিশ্বাস নষ্ট না করে। তাঁর সেরা দিন ও অর্জন এখনো সামনে রয়েছে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই আল নাসর তারকা।

কভিচা কভারাতসখেলিয়া পিএসজি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!