যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

অভিন্ন ব্যানারে কাজ করবে কওমি ঘরানার সাত ইসলামী দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৩:২৭ PM ১৪
অভিন্ন ব্যানারে কাজ করবে কওমি ঘরানার সাত ইসলামী দল

ঐক্যপ্রক্রিয়া নিয়ে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সাত দলের নেতারা।ছবি: সংগৃহীত

নতুন কোনো রাজনৈতিক দল গঠন না করেই ‘সমমনা ইসলামী দল’ নামে অভিন্ন ব্যানারে রাজনৈতিক কার্যক্রম চালানোর বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন কওমি ঘরানার সাতটি ইসলামী রাজনৈতিক দলের নেতারা। দলগুলোর নিজস্ব পরিচয় অক্ষুণ্ন রেখে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই উদ্যোগ এগিয়ে নেওয়া হবে। পাশাপাশি বিএনপি ও জামায়াতে ইসলামীর মতো দলের সঙ্গে জোটে থাকা দলগুলোকেও বৃহত্তর ঐক্যপ্রক্রিয়ায় যুক্ত করার বিষয়ে সম্মতি জানিয়েছেন তাঁরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর খিলগাঁওয়ের মাখযানুল উলুম মাদরাসায় সাত দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। সকাল ১০টায় শুরু হওয়া বৈঠক চলে দুপুর দেড়টা পর্যন্ত। এতে দলগুলোর পারস্পরিক সমন্বয়, অভিন্ন ব্যানারে কর্মসূচি পরিচালনা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, ঐক্যের জন্য আলাদা কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠা করা হবে না। বরং ‘সমমনা ইসলামী দল’ নামটি একটি অভিন্ন প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করা হবে। তবে এতে অংশ নেওয়া দলগুলো তাদের নিজস্ব সাংগঠনিক পরিচয় বজায় রাখবে।

ঐক্যপ্রক্রিয়ার পরবর্তী ধাপ নিয়েও আলোচনা হয়েছে। আগামী ৫ ডিসেম্বর পরবর্তী বৈঠক আয়োজনের বিষয়ে কথা হয়েছে বলে জানানো হয়। অন্যদিকে, বর্তমানে বিএনপি বা জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক জোটে থাকা দলগুলোকে এই উদ্যোগে সম্পৃক্ত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে এগোনোর বিষয়ে নেতারা একমত হয়েছেন।

বৈঠকে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান ও যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়াও অংশ নেন।

এ ছাড়া খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন ও মাওলানা আহমদ আলী কাসেমি, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন এবং নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার বৈঠকে ছিলেন। বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির ও মহাসচিব মুফতি শাখাওয়াত হোসেন রাজীসহ সংশ্লিষ্ট দলগুলোর অন্য নেতারাও এতে উপস্থিত ছিলেন।

সাত দলের এই উদ্যোগের লক্ষ্য অভিন্ন ব্যানারে সমন্বিত কার্যক্রম পরিচালনা করা। তবে জোটভুক্ত দলগুলোর অংশগ্রহণ কীভাবে বাস্তবায়িত হবে এবং ভবিষ্যতে কী ধরনের কর্মসূচি নেওয়া হবে, তা পরবর্তী আলোচনা ও পারস্পরিক সমঝোতার মাধ্যমে নির্ধারিত হওয়ার কথা রয়েছে।

সমমনা ইসলামী দল কওমি ঘরানার সাত দল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!