ছবি: সংগৃহীত
ভারতের আসামে বাঙালি মুসলিম পরিবারগুলোর ঘরবাড়ি ও মসজিদ উচ্ছেদের অভিযোগে উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর দাবি, সেখানে এক হাজার ১০০টির বেশি পরিবারের বসতবাড়ি এবং ১০টিরও বেশি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। এসব পদক্ষেপ মুসলিম সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে বলে মন্তব্য করেন তিনি।
বুধবার রাতে দেওয়া এক বিবৃতিতে নাহিদ ইসলাম বলেন, আসামে উচ্ছেদ অভিযানে ভেঙে ফেলা মসজিদগুলোর কয়েকটি পাঁচ দশকেরও বেশি সময় ধরে ছিল। কর্তৃপক্ষ সরকারি ও বনভূমি থেকে অবৈধ দখলদারদের সরানোর যুক্তি দিলেও ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ক্ষতিগ্রস্ত অনেক পরিবার দেশটির স্বাধীনতার আগেই ওই এলাকায় বসবাস শুরু করেছিল।
পুনর্বাসন ও পুনঃপ্রতিষ্ঠার যথাযথ ব্যবস্থা না করেই বহু পরিবারকে গৃহহীন করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। তাঁদের মধ্যে কয়েকজনকে আটককেন্দ্রে রাখা হয়েছে বলেও খবর পাওয়া গেছে বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।
নাহিদ ইসলামের ভাষ্য, ভারতে বাঙালি মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য ও নিপীড়নের ধারাবাহিকতা উদ্বেগজনক। গত এক দশকে প্রায় ১৯ হাজার পরিবার বাস্তুচ্যুত হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে বাঙালি মুসলিমদের দমন-পীড়ন, জোর করে সীমান্তের ওপারে পাঠানোর চেষ্টা এবং ভোটার তালিকা থেকে বাদ পড়ার মতো পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।
আসামের ঘটনাকে ১৯৯২ সালে ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের সঙ্গে তুলনা করেন নাহিদ ইসলাম। তাঁর মতে, ওই ঘটনা ধর্মীয় অসহিষ্ণুতা ও সাম্প্রদায়িক বিভাজনের প্রতীক হয়ে আছে। তিনি আরও অভিযোগ করেন, হিন্দুত্ববাদী রাজনীতির প্রভাবে মুসলিম, খ্রিষ্টান ও শিখসহ সংখ্যালঘু সম্প্রদায় এবং নিম্নবর্ণের হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করতে ভারত ব্যর্থ হয়েছে।
বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আসামে মুসলিমদের ওপর চলমান নিপীড়নের অভিযোগ আমলে নেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। মানবাধিকার লঙ্ঘন ও ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগে ভারত সরকারকে জবাবদিহির আওতায় আনার দাবিও জানান তিনি। নাহিদ ইসলামের বক্তব্য, বর্ণ, ধর্ম বা সাংস্কৃতিক পরিচয় নির্বিশেষে প্রত্যেক ভারতীয় নাগরিকের ন্যায়বিচার ও সমান অধিকার নিশ্চিত করা প্রয়োজন। “ভারতের মুসলিমরাও ভারতীয়”—বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।
নাহিদ ইসলাম আসাম উচ্ছেদ অভিযান
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!