যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

কম্বোডিয়া থেকে ৭২১ বিদেশির প্রত্যাবাসন, তালিকায় বাংলাদেশিরাও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৩:০৫ PM ৯
কম্বোডিয়া থেকে ৭২১ বিদেশির প্রত্যাবাসন, তালিকায় বাংলাদেশিরাও

ছবি: সংগৃহীত

অবৈধ অভিবাসন ও অনলাইন প্রতারণাসহ বিভিন্ন আন্তদেশীয় অপরাধের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে কম্বোডিয়া। গত ১০ দিনে ২০টি দেশের মোট ৭২১ জন বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ। প্রত্যাবাসিতদের মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন। কম্বোডিয়ার সংবাদমাধ্যম খেমের টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১১ অক্টোবর থেকে শুরু হওয়া এই কার্যক্রমে ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ৯৫ জন নারী। অভিযানটি উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সার সকহারের নেতৃত্বে পরিচালিত হয়েছে। দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সক ভিয়াসনা সংশ্লিষ্ট বিভাগকে তদন্ত ও প্রত্যাবাসন কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

ফেরত পাঠানো নাগরিকদের মধ্যে রয়েছেন ইন্দোনেশিয়া, চীন, বাংলাদেশ, ফিলিপাইন, নাইজেরিয়া, পাকিস্তান, ক্যামেরুন, জাপান, ঘানা, তাইওয়ান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, উগান্ডা, ভারত, মিয়ানমার, ফ্রান্স, লাইবেরিয়া, সুইজারল্যান্ড, উজবেকিস্তান ও যুক্তরাষ্ট্রের নাগরিক।

খেমের টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইন প্রতারণায় জড়িত থাকার অভিযোগে ৯০ জন চীনা নাগরিককে বিশেষ ফ্লাইটে দেশে পাঠানো হয়েছে। তাদের মধ্যে তিনজন নারী। একই অভিযোগে ৫৪ নারীসহ ইন্দোনেশিয়ার ৩৫৫ নাগরিককে তেচো আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রত্যাবাসন করা হয়েছে।

অন্য বিদেশিদের সীমান্তের বিভিন্ন চেকপয়েন্ট দিয়ে ফেরত পাঠানো হয়। তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রম, জাল নথি তৈরি, পাসপোর্ট ছাড়া অবস্থান, চাঁদাবাজি, মুক্তিপণের জন্য অপহরণ, জাল ভিসা বা কিউআর কোড ব্যবহার, মাদক পাচার ও সেবন এবং অবৈধভাবে কাজ করাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের নির্দেশে আইন প্রয়োগের এই অভিযান পরিচালিত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দেশটির সরকার বলছে, অনলাইন প্রতারণা বা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে—এমন অপরাধের ঘাঁটি হিসেবে কম্বোডিয়ার ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা এবং অভিযুক্তদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

কম্বোডিয়া বাংলাদেশি নাগরিক

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!