যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

মোংলা বন্দরের উন্নয়ন দেখতে খুলনায় প্রধানমন্ত্রী

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০২:৫৯ PM ১২
মোংলা বন্দরের উন্নয়ন দেখতে খুলনায় প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার খুলনা সফরে গিয়ে মোংলা বন্দরের বিভিন্ন স্থাপনা ও উন্নয়ন পরিকল্পনা পরিদর্শন করছেন। সকাল সাড়ে ১০টার দিকে দাকোপের নলিয়ানে পৌঁছে তিনি সেখান থেকে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম খুলনা সফর।

বিমানবাহিনীর হেলিকপ্টারে সকাল সাড়ে ১০টার দিকে দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন তারেক রহমান। এর আগে আকাশপথে হিরণ পয়েন্ট ও সুন্দরবন এলাকা পর্যবেক্ষণ করেন তিনি। পরে নলিয়ান লঞ্চঘাট থেকে মোংলার পথে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী।

নলিয়ান বাজার মোড়ে অপেক্ষায় থাকা স্থানীয়দের সঙ্গে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় ও করমর্দন করেন তারেক রহমান। তাকে দেখতে সকাল থেকেই সেখানে মানুষের ভিড় জমে। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, জেলা প্রশাসক হুরে জান্নাতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সফরসূচি অনুযায়ী, মোংলা বন্দরের জেটি, সুন্দরবনের আকরাম পয়েন্টে প্রস্তাবিত এলএনজি টার্মিনাল এবং নতুন অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য নির্ধারিত এলাকা পরিদর্শনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা।

তাদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরে বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ এগিয়ে যাবে। পাশাপাশি অসমাপ্ত জেটি নির্মাণ, ড্রেজিং এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করার বিষয়ে অগ্রগতি হবে। প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল ও এলএনজি টার্মিনাল বাস্তবায়ন নিয়েও দক্ষিণাঞ্চলের মানুষের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।

মোংলা বন্দর তারেক রহমান

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!