ছবি: সংগৃহীত
সৌদি আরবের দাম্মামে কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় বিমানবন্দরের অবকাঠামোর ক্ষতি হয়েছে। তবে হামলার ধরন ও কারা এর পেছনে রয়েছে, সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি।
ঘটনার পরপরই উদ্ধারকারী দল বিমানবন্দরে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হামলার কারণে কিছু ফ্লাইটের গতিপথও পরিবর্তন করতে হয়েছে।
এদিকে একই দিনে সৌদি আরবের শায়বাহ তেলক্ষেত্র লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। সৌদি কর্তৃপক্ষের দাবি, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি প্রতিহত করে। তবে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে হতাহতের যে তথ্য সরবরাহ করা হয়েছে, তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের দীর্ঘদিনের সংঘাতের প্রেক্ষাপটে এসব হামলার ঘটনা ঘটছে। তবে দাম্মাম বিমানবন্দরে হামলার দায় কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে—এমন তথ্য পাওয়া যায়নি।
নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে সৌদি আরবে থাকা মার্কিন কূটনৈতিক মিশনের জরুরি নয় এমন কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার আশঙ্কা বাড়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সৌদি আরব দাম্মাম বিমানবন্দর
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!