নির্মাতা সৈয়দ শাকিলের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমার নায়ক হিসেবে যুক্ত হয়েছেন অভিনেতা শরিফুল রাজ। ছবি: সংগৃহীত
নাটক ও ওয়েব ফিল্ম নির্মাণের পর এবার বড় পর্দার জন্য সিনেমা বানাতে যাচ্ছেন পরিচালক সৈয়দ শাকিল। তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করবেন শরিফুল রাজ। সিনেমাটির নাম, নায়িকা ও অন্য অভিনয়শিল্পীদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। নির্মাতা জানিয়েছেন, আগামী সপ্তাহে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত ঘোষণা দেওয়া হবে।
মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে শরিফুল রাজের সঙ্গে একটি ছবি প্রকাশ করে নতুন সিনেমার কথা জানান সৈয়দ শাকিল। দীর্ঘদিন ধরে নাটক নির্মাণের পাশাপাশি ‘ছায়াবাজি’ ও ‘ইউএনও স্যার’ নামে দুটি ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন তিনি। এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে বড় পর্দায় নিজের কাজের পরিসর বাড়াচ্ছেন এই পরিচালক।
সিনেমার গল্প সম্পর্কে বিস্তারিত না জানালেও সৈয়দ শাকিল জানিয়েছেন, পারিবারিকভাবে উপভোগ করা যায়—এমন আবেগনির্ভর সামাজিক গল্প নিয়ে কাজ করতে চান তিনি। তাঁর লক্ষ্য, এমন একটি চলচ্চিত্র তৈরি করা, যা পরিবারের বিভিন্ন বয়সী দর্শক একসঙ্গে দেখতে পারবেন এবং গল্পের আবেগের সঙ্গে নিজেদের যুক্ত করতে পারবেন।
নির্মাতার ভাষ্য, দেশে একসময় সামাজিক ঘরানার সিনেমা পরিবারের সদস্যদের একসঙ্গে হলে গিয়ে দেখার সংস্কৃতি তৈরি করেছিল। সেই ধারার আবেগপূর্ণ গল্পকে নতুনভাবে বড় পর্দায় তুলে ধরতে চান তিনি। দীর্ঘদিন ধরেই সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানান শাকিল।
দেশের প্রেক্ষাগৃহের সংখ্যা কমে আসা এবং সিনেমা প্রদর্শনে সিনেপ্লেক্সের ওপর নির্ভরতা বাড়ার বিষয়টিও নির্মাতার ভাবনায় রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে সিনেপ্লেক্সে বাংলা সিনেমার দর্শক বাড়তে দেখা যাচ্ছে বলে মনে করেন তিনি। পাশাপাশি বিদেশের বাজারেও বাংলাদেশের চলচ্চিত্রের সুযোগ তৈরি হওয়ায় নতুন সিনেমা নির্মাণে উৎসাহ পেয়েছেন বলে জানান শাকিল।
সিনেমাটি দেশের বাইরের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাঠানোর পরিকল্পনাও রয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তির বিষয়েও কথা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক। তাঁর পরিকল্পনা, বিভিন্ন মাধ্যমে দর্শকের কাছে সিনেমাটি পৌঁছে দেওয়া এবং সাংস্কৃতিক পর্যটনের অংশ হিসেবেও চলচ্চিত্রটিকে উপস্থাপন করা।
রিভেঞ্জ ফিল্মস লিমিটেডের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন সোহানা সাদী, স্নিগ্ধা সাদী ও সারহান শাহরিয়ার সাদী সীমান্ত। নির্মাতার পরিকল্পনা অনুযায়ী, আগামী ডিসেম্বর অথবা জানুয়ারিতে শুটিং শুরু হবে। একটানা দৃশ্যধারণ শেষ করার লক্ষ্য রয়েছে তাঁর। সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী বছরের কোরবানির ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার কথা রয়েছে।
এদিকে একই ঈদে মুক্তির পরিকল্পনায় রয়েছে শরিফুল রাজ অভিনীত আরেকটি সিনেমা ‘কানাভুলা প্যারাডক্স’। প্রযোজনা প্রতিষ্ঠান বুড়িগঙ্গা টকিজ সিনেমাটির মুক্তির ঘোষণা দিয়েছে। মোহাইমিনুল ইসলাম বাপ্পীর লেখা ‘কানাভুলো প্যারাডক্স’ উপন্যাস অবলম্বনে এটি নির্মাণ করবেন আয়মান হাসিব স্বাধীন ও সুস্ময় সরকার। হরর-রোমান্টিক ঘরানার এ সিনেমায় রাজের বিপরীতে অভিনয় করবেন সাবিলা নূর। আগামী বছরের শুরুর দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
শরিফুল রাজ সৈয়দ শাকিল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!