যুক্তরাষ্ট্র   শনিবার ৩১ অক্টোবর ২০২৬,১৫ কার্তিক ১৪৩৩

সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনে ঢাকায় আসছেন ডিজে সঞ্জয়

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৫ PM ৩১
সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনে ঢাকায় আসছেন ডিজে সঞ্জয়

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সংগীত প্রযোজক সঞ্জয় দেব। ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করে আলোচনায় আসার পর এবার বাংলাদেশের দর্শকদের সামনে সংগীত পরিবেশন করতে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয় দেব। আগামী ৫ নভেম্বর টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি পারফর্মার হিসেবে মঞ্চে উঠবেন তিনি।

একটি ভিডিও বার্তায় সঞ্জয় জানিয়েছেন, টেকনোর আমন্ত্রণে টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজনে অংশ নিতে বাংলাদেশে আসছেন তিনি। সম্প্রতি ফিফা বিশ্বকাপের মঞ্চে ‘সির সির’ পরিবেশনের মাধ্যমে পরিচিতি পান এই সংগীতশিল্পী। ওই অনুষ্ঠানে রয়েল বেঙ্গল টাইগারের ছবি আঁকা বিশেষ জ্যাকেট পরে বাংলাদেশের সঙ্গে নিজের শিকড়ের সম্পর্কও তুলে ধরেন তিনি।

নিজ দেশে পারফর্ম করার সুযোগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সঞ্জয়। তাঁর ভাষায়, ফিফা বিশ্বকাপে পারফর্ম করা ছিল বিশেষ অভিজ্ঞতা, তবে নিজের দেশের মানুষের সামনে সংগীত পরিবেশনের অনুভূতি আলাদা। সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে তিনি অপেক্ষা করছেন। বাংলাদেশে আসার সুযোগ করে দেওয়ায় টেকনোর প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

টেকনো বাংলাদেশের পক্ষে আইস্মার্টইউ টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, সঞ্জয় বাংলাদেশের সঙ্গে তাঁর শিকড়ের সম্পর্ক বজায় রেখে আন্তর্জাতিক পর্যায়ে সংগীত পরিবেশন করছেন। তাঁকে এই আয়োজনে যুক্ত করতে পেরে প্রতিষ্ঠানটি আনন্দিত। তাঁর মতে, ফুটবল ও সংগীত ভৌগোলিক সীমা পেরিয়ে মানুষকে একত্রিত করতে পারে। তাই উদ্বোধনী অনুষ্ঠানটি দর্শকদের জন্য আনন্দময় ও স্মরণীয় করে তোলাই তাঁদের প্রত্যাশা।

আয়োজকদের পরিকল্পনায় সঞ্জয়ের পরিবেশনা উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করার পর বাংলাদেশের দর্শকদের সামনে তাঁর সংগীত পরিবেশনা টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজনে বাড়তি মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬ অনুষ্ঠিত হবে আগামী ৫ থেকে ১৭ নভেম্বর। প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জাতীয় ফুটবল দল অংশ নেবে।

সঞ্জয় দেব টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ বাংলাদেশ ফুটবল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!