যুক্তরাষ্ট্র   বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬,৩১ ভাদ্র ১৪৩৩

যুদ্ধের মধ্যে বন্দি বিনিময় : ১ হাজার ইউক্রেনীয় সেনার মৃতদেহ ফেরত দিল রাশিয়া

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬, ১১:০২ PM | সর্বশেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬, ১১:০৫ PM ৯৫
যুদ্ধের মধ্যে বন্দি বিনিময় : ১ হাজার ইউক্রেনীয় সেনার মৃতদেহ ফেরত দিল রাশিয়া

ছবি: সংগ্রহীত

ইউক্রেন–রাশিয়া চলমান যুদ্ধের মধ্যেই নিহত সেনাদের মরদেহ বিনিময়ের অংশ হিসেবে ইউক্রেনকে এক হাজার সেনার মৃতদেহ ফেরত দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুই দেশের মধ্যে এই বিনিময় সম্পন্ন হয়, যা চলতি বছরে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে প্রথম এ ধরনের উদ্যোগ।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত আলোচনার ভিত্তিতে নিহত সেনাদের মরদেহ নিজ নিজ দেশে ফেরত পাঠাতে সম্মত হয় মস্কো ও কিয়েভ। এরই ধারাবাহিকতায় এই বিনিময় কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

রাশিয়ার ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির সদস্য শামসাইল সারালিয়েভ জানান, রাশিয়া ইউক্রেনের এক হাজার সেনার মৃতদেহ হস্তান্তর করেছে। অন্যদিকে ইউক্রেনের কাছ থেকে ৩৮ জন রুশ সেনার মৃতদেহ গ্রহণ করা হয়েছে।

ইউক্রেনের সামরিক সদর দপ্তরও বিষয়টি নিশ্চিত করেছে। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানানো হয়, প্রত্যাবাসন প্রক্রিয়ার মাধ্যমে এক হাজার নিহত সেনার মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। এসব মরদেহ শনাক্ত করতে ইউক্রেনীয় ফরেনসিক বিশেষজ্ঞরা আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ শুরু করবেন।

তবে নিরাপত্তাজনিত কারণে মরদেহ বিনিময়ের স্থান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকে নিহত সেনাদের মরদেহ ও যুদ্ধবন্দি বিনিময়—এই দুইটি বিষয়ই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সীমিত সহযোগিতার অন্যতম ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে ২০২৫ সালে মস্কো ও কিয়েভ মোট ১৪ দফায় নিহত সেনাদের মরদেহ বিনিময় করে। সে সময় ইউক্রেনে ফেরত পাঠানো হয় ১৪ হাজার ৪৮০টি মরদেহ এবং রাশিয়ায় ফেরত যায় ৩৯১টি মরদেহ।

ইউক্রেন রাশিয়া যুদ্ধ সেনার মৃতদেহ বিনিময় রাশিয়া ইউক্রেন সংঘাত

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!