যুক্তরাষ্ট্র   বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬,৩১ ভাদ্র ১৪৩৩

২০২৫ সালে মার্কিন বাহিনীতে যৌন নিপীড়নের ২০,৪৯২ অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ০৪:১১ PM ৫৯
২০২৫ সালে মার্কিন বাহিনীতে যৌন নিপীড়নের ২০,৪৯২ অভিযোগ

ছবি: সংগৃহীত

২০২৫ সালে মার্কিন প্রতিরক্ষা বাহিনীতে যৌন নিপীড়নের ২০ হাজার ৪৯২টি ঘটনা নথিভুক্ত হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য দেওয়া হয়।

পেন্টাগনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের তুলনায় ২০২৫ সালে এ ধরনের নথিভুক্ত ঘটনার সংখ্যা প্রায় ৮ হাজার ৫০০ কমেছে। অর্থাৎ দুই বছরের ব্যবধানে ঘটনাগুলোর সামগ্রিক সংখ্যা কমার প্রবণতা দেখা গেছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পুরুষ ও নারী—উভয় শ্রেণির সামরিক সদস্যদের মধ্যে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত হওয়ার হার ২০২৩ সালের তুলনায় ২০২৫ সালে কমেছে। নারীদের ক্ষেত্রে এই হ্রাসের হার ২৪ দশমিক ৭ শতাংশ এবং পুরুষদের ক্ষেত্রে ১৭ দশমিক ৫ শতাংশ বলে পেন্টাগনের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

পেন্টাগনের তথ্যের আরেকটি দিক হলো, ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানোর হার বেড়েছে। ২০২৩ সালে নথিভুক্ত যৌন নিপীড়নের ঘটনাগুলোর ২৫ শতাংশ অভিযোগ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা পড়েছিল। ২০২৫ সালে এ হার বেড়ে ৩৩ শতাংশ হয়েছে।

সামরিক সদস্যদের যৌন নিপীড়নের ঘটনা আনুষ্ঠানিকভাবে জানানোর জন্য উৎসাহিত করেছে পেন্টাগন। তাদের মতে, অভিযোগ নথিভুক্ত হলে ক্ষতিগ্রস্ত সদস্যদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পাশাপাশি অভিযোগ তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার প্রক্রিয়া এগিয়ে নেওয়া সহজ হয়।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মী ও প্রস্তুতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যান্টনি জে. টাটা বলেন, সামরিক বাহিনীতে মর্যাদা, সম্মান ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ মূল্যবোধ। যৌন নিপীড়ন ও হয়রানি এসব মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করে এবং বাহিনীর ওপর আস্থা ও সামরিক প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তিনি আরও বলেন, সামরিক সদস্যদের সুরক্ষা এবং উচ্চ মান বজায় রেখে একটি ঐক্যবদ্ধ ও প্রস্তুত বাহিনী গড়ে তোলাকে প্রশাসন গুরুত্ব দিচ্ছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!