ছবি: সংগৃহীত
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৭০ হাজার শিক্ষক নিয়োগের জন্য নবম গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণে এই নিয়োগ কার্যক্রম নেওয়া হচ্ছে।
এনটিআরসিএ সূত্র জানিয়েছে, নবম গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদন প্রয়োজন। এ বিষয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এনটিআরসিএ প্রায় ৬৯ হাজার ৫৭৭টি শূন্য পদে শিক্ষক নিয়োগের অনুমোদন চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাওয়া শূন্য পদের তথ্য যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে ৭৫ হাজার ৭৬৯টি পদ নির্ধারণ করা হয়েছিল। তবে ১৮তম শিক্ষক নিবন্ধনধারীদের জন্য সংরক্ষিত পদসহ কিছু পদ বাদ দেওয়ার পর ৬৯ হাজার ৫৭৭টি পদে নিয়োগের পরিকল্পনা করা হয়েছে।
এনটিআরসিএর সচিব এ এম এম রিজওয়ানুল হক জানিয়েছেন, নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত সময়ের মধ্যে নিয়োগ পরীক্ষা আয়োজন করা হবে।
নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগে পরিবর্তন আসছে। আগের মতো শুধু শিক্ষক নিবন্ধন সনদের ভিত্তিতে নিয়োগ না দিয়ে সরাসরি নিয়োগ পরীক্ষার মাধ্যমে শিক্ষক নির্বাচন করা হবে। এই পদ্ধতিতে প্রার্থীদের ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা এবং ২০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ হতে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে।
নতুন নিয়মে যারা নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হবেন, তাদের এনটিআরসিএ থেকে শিক্ষক পদে নিয়োগের সনদ দেওয়া হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
এনটিআরসিএ জানিয়েছে, অনলাইনে শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের চাহিদা সংগ্রহের ই-রিকুইজিশন কার্যক্রম কয়েক দফা সময় বাড়ানোর পর ১৫ এপ্রিল শেষ হয়েছে। একই সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য হালনাগাদের ই-রেজিস্ট্রেশন কার্যক্রমও সম্পন্ন করা হয়েছে।
এর আগে ২০২৬ সালের ৫ জানুয়ারি শিক্ষক নিবন্ধন সনদের ভিত্তিতে নিয়োগের জন্য সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসিএ। ওই বিজ্ঞপ্তিতে ৬৭ হাজার ৮৭টি শূন্য পদের কথা জানানো হয়েছিল। পরে প্রতিষ্ঠানপ্রধান পর্যায়ের পদে নিয়োগের জন্য অষ্টম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে ১২ হাজার ৯৫১টি পদ ছিল।
২০০৫ সাল থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষা পরিচালনা করে আসছে এনটিআরসিএ। ২০১৫ সালের পর থেকে প্রতিষ্ঠানটি শিক্ষক নিবন্ধন সনদ দেওয়ার পাশাপাশি নিয়োগের সুপারিশের দায়িত্বও পালন করছে। এ পর্যন্ত বিভিন্ন গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রায় ১ লাখ ৮০ হাজার শিক্ষক নিয়োগের জন্য সুপারিশ করেছে সংস্থাটি।
শিক্ষক নিয়োগ ২০২৬ এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!