যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

পুলিশ কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি, ধর্মীয় পোস্টের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ PM ৮৯
পুলিশ কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি, ধর্মীয় পোস্টের অভিযোগ

ছবি: সংগৃহীত

সিলেটে কর্মরত ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা বিশ্বজিৎ রায়ের নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক আইডি খোলার অভিযোগ উঠেছে। ওই আইডি থেকে পবিত্র কোরআন, ইসলাম ধর্ম, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও হজরত ফাতেমা (রা.)-কে নিয়ে আপত্তিকর ও বিভ্রান্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই পুলিশ কর্মকর্তা।

বিশ্বজিৎ রায় বর্তমানে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ট্যুরিস্ট পুলিশ জোনে কর্মরত। তাঁর বাড়ি সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর পূর্বপাড়ায়। তিনি বেনু মাধব রায় ও অঞ্জনা রানী রায়ের ছেলে।

জিডি ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টা ৪৪ মিনিটের দিকে পরিচিত এক সাংবাদিকের মাধ্যমে ভুয়া ফেসবুক আইডির বিষয়টি জানতে পারেন বিশ্বজিৎ রায়। পরে তাঁকে পাঠানো লিংকে গিয়ে নিজের নাম ও ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের ছবি ব্যবহার করা একটি আইডি দেখতে পান তিনি।

অভিযোগ অনুযায়ী, ওই অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। বিশ্বজিৎ রায়ের দাবি, এসব পোস্ট তাঁর নিজের অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়নি। ভুয়া আইডিতে তাঁর পরিচয় ও ছবি ব্যবহার করে পরিকল্পিতভাবে এসব কর্মকাণ্ড চালানো হয়েছে।

বিশ্বজিৎ রায় বলেন, তাঁকে ও তাঁর পরিবারকে সামাজিকভাবে বিব্রত করা এবং তাঁর ব্যক্তিগত ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই কেউ এ ধরনের ভুয়া অ্যাকাউন্ট খুলে থাকতে পারে। বিষয়টি জাফলং ট্যুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ তপন তালুকদারকে জানানোর পর থানায় জিডি করেন তিনি।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ভুয়া ফেসবুক আইডিটি কে পরিচালনা করছে এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ভুয়া অ্যাকাউন্টটি কারা পরিচালনা করেছে বা পোস্টগুলোর পেছনে কারা রয়েছে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!