যুক্তরাষ্ট্র   শনিবার ১০ অক্টোবর ২০২৬,২৪ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে সিলিন্ডারের আগুনে পুড়ল ৩৮ বসতঘর

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ PM ৩৯
গাজীপুরে সিলিন্ডারের আগুনে পুড়ল ৩৮ বসতঘর

গাজীপুরের বানিয়াচালা মধ্যপাড়ায় আগুনে ক্ষতিগ্রস্ত বসতঘর। ছবি: সংগৃহীত

গাজীপুর সদর উপজেলার বানিয়াচালা মধ্যপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন ছড়িয়ে অন্তত ৩৮টি বসতঘর পুড়ে গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জাহাঙ্গীর হোসেনের মালিকানাধীন একটি ভাড়া বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে ঘরগুলোর আসবাবপত্রসহ ভেতরে থাকা বিভিন্ন মালামালও পুড়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার বিভিন্ন কারখানায় কাজ শেষে রাতে ভাড়াটিয়ারা নিজ নিজ ঘরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একটি কক্ষে ব্যবহৃত রান্নার গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন পাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে।

আগুন ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা প্রথমে নিজেরাই তা নেভানোর চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের দুটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম জানান, রাত সাড়ে ৮টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। তাদের প্রচেষ্টায় রাত ৯টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে রাত ১১টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

বাড়ির মালিক জাহাঙ্গীর হোসেনের দাবি, সিলিন্ডারের ছিদ্র থেকে আগুন ছড়িয়ে পড়ার পর ঘরগুলো দ্রুত পুড়ে যায়। তাঁর হিসাব অনুযায়ী, ঘর ও মালামাল মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক এক কোটি টাকা।

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ভাড়াটিয়া স্বপ্না আক্তার জানান, কাজ শেষে বাড়িতে ফিরে তারা হঠাৎ আগুন দেখতে পান। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘরের প্রায় সবকিছু পুড়ে যায়।

বানিয়াচালা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!