লিবিয়ার মিসরাতা থেকে ফ্লাইটে দেশে ফিরেছেন ১৭২ বাংলাদেশি। ছবি: সংগৃহীত
লিবিয়ায় অবস্থানরত আরও ১৭২ অনিয়মিত বাংলাদেশিকে স্বেচ্ছায় দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর ৫টার দিকে দেশটির মিসরাতা থেকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাঁরা ঢাকায় পৌঁছান। তাঁদের প্রত্যাবাসনে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সহযোগিতা করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রত্যাবাসন কার্যক্রমে মন্ত্রণালয়ের পাশাপাশি লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কাজ করেছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা তাঁদের স্বাগত জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশে ফেরা ব্যক্তিদের অধিকাংশই সমুদ্রপথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহায়তায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাঁদের মধ্যে অনেকে দেশটিতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ রয়েছে। অনিয়মিত পথে বিদেশযাত্রার ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দেশে ফেরা ব্যক্তিদের নিজেদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
প্রত্যাবাসিত ব্যক্তিদের প্রাথমিক সহায়তা দিচ্ছে আইওএম। সংস্থাটির পক্ষ থেকে প্রত্যেককে যাতায়াতের খরচ, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থাও করা হচ্ছে।
এদিকে লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম অব্যাহত রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম এ কাজে সমন্বিতভাবে কাজ করছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
লিবিয়া থেকে বাংলাদেশি প্রত্যাবাসন ১৭২ বাংলাদেশি
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!