সিলেট-৫ আসনে বিজয়ী ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি আবুল হাসান।ছবি: সংগ্রহীত
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৬ হাজার ১৭৭ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও খেলাফত মজলিসের নেতা মুফতি আবুল হাসান। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ আসনের মোট ১৫৮টি ভোটকেন্দ্রের ফলাফলে দেয়ালঘড়ি প্রতীক নিয়ে মুফতি আবুল হাসান পেয়েছেন ৭৫ হাজার ৮২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৬৪৪ ভোট।
ফলাফলে দেখা যায়, মুফতি আবুল হাসান তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬ হাজার ১৭৭ ভোট বেশি পেয়ে বিজয় নিশ্চিত করেন। শুরু থেকেই এ আসনে প্রতিদ্বন্দ্বিতা ছিল জমজমাট। ভোট গণনার শেষ পর্যায় পর্যন্ত সমর্থকদের মধ্যে ছিল উত্তেজনা ও প্রতীক্ষা।
এদিকে, সিলেট-৫ আসনে তৃতীয় অবস্থানে রয়েছেন বিএনপির বহিষ্কৃত প্রার্থী মামুনুর রশিদ (চাকসু মামুন)। তিনি পেয়েছেন ৫৬ হাজার ৩৬৯ ভোট। তার প্রাপ্ত ভোটও নির্বাচনের সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।
সিলেট-৫ আসনটি ঐতিহ্যগতভাবে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলাকে নিয়ে গঠিত এই আসনে ধর্মভিত্তিক ও জাতীয় রাজনীতির প্রভাব দীর্ঘদিন ধরে বিদ্যমান। এবারের নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীর জয় স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।
বিজয়ের পর মুফতি আবুল হাসান তার সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এ বিজয় জনগণের। এলাকার উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় আমি সর্বোচ্চ চেষ্টা করব।”
অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে ফলাফল নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।
সিলেট-৫ আসনের এই ফলাফল জাতীয় রাজনীতিতেও আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ১১ দলীয় জোটের প্রার্থীর জয় রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা হিসেবে দেখা হচ্ছে।
সিলেট৫ মুফতি_আবুল_হাসান একাদশ_জাতীয়_সংসদ_নির্বাচন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!