যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৫ মে ২০২৬,৩১ বৈশাখ ১৪৩৩

এমপির মধ্যস্থতায় নোয়াখালী সরকারি কলেজে বহিষ্কৃত ছাত্রদল নেতাদের ক্ষমা করলেন অধ্যক্ষ

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৩:৫২ PM

২০
এমপির মধ্যস্থতায় নোয়াখালী সরকারি কলেজে বহিষ্কৃত ছাত্রদল নেতাদের ক্ষমা করলেন অধ্যক্ষ

নোয়াখালী সরকারি কলেজে আলোচনার মাধ্যমে সংকট নিরসন। ছবিঃ সংগৃহীত

কলেজে ভাঙচুর ও শিক্ষকের সঙ্গে অসদাচরণের অভিযোগে বহিষ্কৃত নোয়াখালী সরকারি কলেজের কয়েকজন ছাত্রদল নেতাকে অবশেষে ক্ষমা করে দিয়েছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ছানা উল্যা। স্থানীয় সংসদ সদস্য (এমপি) মো. শাহজাহানের মধ্যস্থতায় শনিবার (২ মে) বিকেলে অধ্যক্ষের কক্ষে এই সমঝোতা হয়।

এর আগে গত বুধবার কলেজে শিক্ষকদের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। ওই ঘটনায় এক শিক্ষক আহত হন এবং পরে শিক্ষকরা জরুরি সভা করে অভিযুক্ত শিক্ষার্থীদের বহিষ্কারসহ ৮ দফা দাবি জানান। বিষয়টি নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়।

পরবর্তীতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। এতে কয়েকজন নেতাকে স্থায়ী বহিষ্কার, একজন সভাপতির পদ সাময়িক স্থগিত এবং আরেকজন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

শনিবার এমপি শাহজাহান কলেজে গিয়ে শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বিষয়টি সমাধানের আহ্বান জানান। পরে অধ্যক্ষ বহিষ্কৃত শিক্ষার্থীদের ক্ষমা করে দেন।

অধ্যক্ষ অধ্যাপক মো. ছানা উল্যা বলেন, “ছাত্ররা তাদের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে। তারা আমার ছাত্র, তাই বিষয়টি মানবিকভাবে সমাধান করা হয়েছে।”

এমপি মো. শাহজাহান বলেন, “ছাত্র ও শিক্ষকের মধ্যে কোনো ধরনের সংঘাত কাম্য নয়। শিক্ষার্থীদের উচিত শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া এবং শৃঙ্খলা বজায় রাখা।”

এ ঘটনায় ক্যাম্পাসে চলমান উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নোয়াখালী ছাত্রদল কলেজ_সংঘর্ষ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!