মৃত সাবিনা খাতুনের মরদেহ। ছবিঃ সংগৃহীত
গাজীপুরের টঙ্গীর একটি পোশাক কারখানায় ডিউটিরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে সাবিনা খাতুন (৩৫) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কারখানার সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার (৩ মে) রাত আনুমানিক ১০টার দিকে কাজ চলাকালীন সময়ে বাথরুমে যাওয়ার পথে হঠাৎ তিনি মাথা ঘুরে মেঝেতে পড়ে যান। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাবিনা খাতুন জামালপুর জেলার বকশীগঞ্জ থানার বাসিন্দা ছিলেন। তিনি মাসকো গ্রুপের জিটু কারখানায় অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
সহকর্মীরা জানান, কয়েকদিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছিলেন। তবে এমন আকস্মিক মৃত্যু কারও কল্পনাতেও ছিল না। কয়েক ঘণ্টা আগেও তিনি স্বাভাবিকভাবে কাজ করছিলেন বলে জানান তারা।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি শারীরিক অসুস্থতার কারণে ঘটে যাওয়া স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। টঙ্গী পূর্ব থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে।
পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং তা নিজ জেলা জামালপুরে পাঠানো হয়েছে।
এই ঘটনায় কর্মস্থলে শ্রমিকদের স্বাস্থ্যসুরক্ষা ও কর্মপরিবেশ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
গাজীপুর শ্রমিক_মৃত্যু নারী_শ্রমিক
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!