যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৫ মে ২০২৬,৩১ বৈশাখ ১৪৩৩

রুয়েটে নবীনদের ওরিয়েন্টেশন ৯ মে, ক্লাস শুরু ১০ মে

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৪:৪৪ PM

২৫
রুয়েটে নবীনদের ওরিয়েন্টেশন ৯ মে, ক্লাস শুরু ১০ মে

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রধান ফটক। ছবি : সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ৯ মে অনুষ্ঠিত হবে। এর পরদিন ১০ মে থেকে শুরু হবে নিয়মিত একাডেমিক কার্যক্রম।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ভর্তি কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবন, একাডেমিক পরিবেশ, নিয়ম-কানুন ও প্রশাসনিক প্রক্রিয়ার সঙ্গে পরিচিত করে তুলতেই এই ওরিয়েন্টেশন আয়োজন করা হয়েছে।

রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব আরিফ আহম্মদ চৌধুরী এবং ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চলতি ২০২৫–২৬ শিক্ষাবর্ষে রুয়েটে ভর্তি কার্যক্রম শুরু হয় ৩ ফেব্রুয়ারি। এর আগে ২ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। এবারের ভর্তি পরীক্ষায় পুরকৌশল, তড়িৎ ও কম্পিউটার কৌশল, যন্ত্রকৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের অধীনে মোট ১৪টি বিভাগে ১ হাজার ২৩৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে।

ভর্তি পরীক্ষা গত ২২ জানুয়ারি রুয়েট ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। এতে ১৮ হাজার ২৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ হাজার ৫৬৭ জন অংশ নেন। ২৪ জানুয়ারি প্রকাশিত ফলাফলে ‘ক’ গ্রুপে ৭ হাজার ৭০২ জন এবং ‘খ’ গ্রুপে ২৭৪ জন উত্তীর্ণ হন।

পরবর্তীতে পাঁচ ধাপে মেধাতালিকা অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়। এতে প্রাথমিক নির্বাচন, অনলাইন বিষয় পছন্দ ফরম পূরণ, কাগজপত্র যাচাই এবং মেডিকেল পরীক্ষাসহ বিভিন্ন ধাপ সম্পন্ন করতে হয়েছে শিক্ষার্থীদের।

শিক্ষার্থীদের সুবিধার্থে ‘অটো মাইগ্রেশন’ ব্যবস্থা চালু ছিল, যার মাধ্যমে শূন্য আসনের ভিত্তিতে উচ্চতর পছন্দের বিভাগে স্থানান্তরের সুযোগ দেওয়া হয়েছে।

ভর্তি ও ওরিয়েন্টেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য রুয়েটের অফিসিয়াল ওয়েবসাইটে (admission.ruet.ac.bd) পাওয়া যাবে।

RUET Orientation2026 AdmissionNews

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!