যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৫ মে ২০২৬,৩১ বৈশাখ ১৪৩৩

নারায়ণগঞ্জ-এ র‍্যাবের চিরুনি অভিযান: ড্রোনসহ বিপুল মাদক উদ্ধার, গ্রেপ্তার ১০

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০৩:১৬ PM

২৩
নারায়ণগঞ্জ-এ র‍্যাবের চিরুনি অভিযান: ড্রোনসহ বিপুল মাদক উদ্ধার, গ্রেপ্তার ১০

র‍্যাবের অভিযানে উদ্ধার হওয়া মাদক ও দেশীয় অস্ত্র। ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ-এ মাদকবিরোধী অভিযানে র‍্যাব সদস্যদের ওপর হামলার পর জড়িতদের ধরতে ব্যাপক চিরুনি অভিযান চালিয়েছে র‍্যাব-১১। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র এবং একটি অত্যাধুনিক ড্রোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুর থেকে রাত পর্যন্ত ফতুল্লার দেওভোগ, মাসদাইর, বয়ালিয়া খাল ও গলাচিপা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, দুপুরে সাদা পোশাকে তথ্য সংগ্রহের সময় র‍্যাবের তিন সদস্য এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। এ সময় ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে তিন সদস্য আহত হন, যাদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

ঘটনার পরপরই অতিরিক্ত বাহিনী মোতায়েন করে অভিযান জোরদার করা হয়। পরে রাতে ফতুল্লার দেওভোগ নূর মসজিদ এলাকায় একটি ছয়তলা ও একটি দুইতলা ভবনে যৌথ অভিযান চালায় র‍্যাব ও পুলিশ।

অভিযানে প্রায় ৫ মণ গাঁজা, ১০-১২ হাজার পিস ইয়াবা, নগদ ১০ লাখ টাকার বেশি অর্থ, টাকা গণনার মেশিন, একটি ড্রোন এবং রাম দা, চাপাতি, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার পাইপসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ এর অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন জানান, দায়িত্ব পালনকালে বাহিনীর সদস্যদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আটক ব্যক্তিদের জব্দকৃত মাদক, অস্ত্র ও নগদ অর্থসহ ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

নারায়ণগঞ্জ অভিযান র‍্যাব মাদক উদ্ধার

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!