ছবি: সংগৃহীত
পঞ্চগড়ের বোদা উপজেলার ফুলতলা পানিডুবি দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসার জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ময়জউদ্দিনের বিরুদ্ধে। এ অভিযোগের প্রতিবাদে সোমবার (২১ সেপ্টেম্বর) শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা মানববন্ধন করেছেন।
মাদরাসা কর্তৃপক্ষের দাবি, প্রায় ৪৩ বছর ধরে জমিটি তাদের দখলে রয়েছে এবং নিয়মিত খাজনা পরিশোধ করা হচ্ছে। তাদের ভাষ্য অনুযায়ী, ১৯৮৩ সালে ময়জউদ্দিনের বাবা মহিরউদ্দিন জমিটি মাদরাসার নামে দান করেছিলেন।
মাদরাসার ভারপ্রাপ্ত সুপার লাভলী বেগম বলেন, গত শনিবার ময়জউদ্দিন ওই জমিতে বালু ফেলতে শুরু করেন। এতে মাদরাসার সামনে থাকা প্রায় ১০টি দোকানের কার্যক্রম বন্ধ হয়ে যায়। একই সঙ্গে কয়েকটি দোকানে তালা লাগিয়ে দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
মাদরাসার সভাপতি ফরহাদ হোসেনের অভিযোগ, ময়জউদ্দিন, তার ছেলে ও আরও কয়েকজন মিলে প্রতিষ্ঠানটির দোকানগুলো দখলের চেষ্টা করেছেন। জমি ও দোকানগুলো রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে তারা মানববন্ধন করেছেন।
তবে ময়জউদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, রাজনৈতিক দলের প্রভাব ব্যবহার করে জমি দখলের কোনো ঘটনা ঘটেনি। তার দাবি, জমিটি তাদের এবং এ বিষয়ে তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন। গত শনিবার তারা জমিটির দখল নিয়েছেন বলেও তিনি জানান।
বিষয়টি নিয়ে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, মাদরাসা কর্তৃপক্ষের কাছ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনা তদন্তে সংশ্লিষ্ট ইউনিয়নের ভূমি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ভূমি কর্মকর্তার প্রতিবেদন পাওয়ার পর জমিটি নিয়ে বিরোধের প্রকৃত অবস্থা ও ঘটনার বিস্তারিত পরিষ্কার হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!