যুক্তরাষ্ট্র   বুধবার ২৫ নভেম্বর ২০২৬,১০ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার-আশুলিয়ার কারখানায় ফিরেছে স্বাভাবিক কর্মপরিবেশ, নিরাপত্তায় বাড়তি নজর

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০২:১৮ PM | সর্বশেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০২:২০ PM ৪৮
সাভার-আশুলিয়ার কারখানায় ফিরেছে স্বাভাবিক কর্মপরিবেশ, নিরাপত্তায় বাড়তি নজর

সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে পোশাক কারখানার প্রধান ফটকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছবি: সংগৃহীত

সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের পর সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে ধীরে ধীরে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরছে। বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) এবং আশপাশের তৈরি পোশাক কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। শ্রমিকদের অনেকে নিজস্ব পরিবহন ব্যবহার করে, আবার কেউ হেঁটে কারখানায় এসে কাজে যোগ দিয়েছেন।

শিল্প পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের শিল্পকারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম সচল রয়েছে। এসব এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিও শান্ত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে কয়েকটি কারখানায় সকালে প্রবেশের পর কিছু শ্রমিক কাজে অংশ না নিয়ে বাইরে চলে যাওয়ার বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।

এদিকে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, সে জন্য শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আশুলিয়া ও হেমায়েতপুরের কয়েকটি কারখানার প্রধান ফটকে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন রয়েছেন।

শিল্পাঞ্চলে সম্ভাব্য নাশকতা, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঠেকাতে শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে বিজিবির বিশেষ দল টহল দিচ্ছে। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ এবং তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বজায় রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমও অব্যাহত রয়েছে। এ দায়িত্বে রয়েছেন নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শ্রমিকদের কাজে ফেরার মধ্য দিয়ে শিল্পাঞ্চলে উৎপাদন স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিললেও পরিস্থিতির ওপর নজর রাখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কারখানাগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিরাপত্তা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে।

সাভার আশুলিয়া

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!