লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের খাতাপাড়া মাজার এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ছবি: সংগৃহীত
মাদ্রাসায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১১ বছর বয়সী শিক্ষার্থী হাবিবুর রহমান। শনিবার সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া মাজার এলাকায় ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়।
হাবিবুর আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের দক্ষিণ বত্রিশ হাজারী এলাকার জাহিদুল ইসলামের ছেলে। সে খাতাপাড়া মাজার মদিনাতুল উলুম মাদ্রাসায় পড়াশোনা করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অটোরিকশায় চড়ে মাদ্রাসার উদ্দেশে রওনা হয়েছিল হাবিবুর। গন্তব্যের কাছাকাছি পৌঁছানোর পর বুড়িমারীগামী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী হাবিবুরের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব দুর্ঘটনায় শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
লালমনিরহাট আদিতমারী সড়ক দুর্ঘটনা
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!