যুক্তরাষ্ট্র   বুধবার ২৫ নভেম্বর ২০২৬,১০ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ ঘণ্টার বেশি বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন ও যান চলাচল স্বাভাবিক

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫৯ PM ৪৩
পাঁচ ঘণ্টার বেশি বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন ও যান চলাচল স্বাভাবিক

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছয়টি গ্রাম পুনরায় আগের ইউনিয়নে অন্তর্ভুক্ত করা এবং উপজেলা বিভক্তির উদ্যোগ বন্ধের দাবিতে চলা রেল ও সড়ক অবরোধ তুলে নিয়েছেন আন্দোলনকারীরা। প্রশাসনের সঙ্গে আলোচনার পর ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে তাঁরা কর্মসূচি স্থগিত করেন। এতে প্রায় সোয়া পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল আবার শুরু হয়। একই সঙ্গে ভারতগামী যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চলাচলও স্বাভাবিক হয়।

রোববার সকাল ৬টা থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন ও তিতাস সেতু এলাকায় রেললাইন এবং পাশের স্থলবন্দর সড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এতে দেশের গুরুত্বপূর্ণ দুটি রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে আটকা পড়ে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর, সুবর্ণ এক্সপ্রেস ও উপকূল এক্সপ্রেসসহ একাধিক ট্রেন। অন্যদিকে সীমান্তমুখী সড়কে যান চলাচল বন্ধ থাকায় ভারতগামী যাত্রী ও পণ্য পরিবহনের গাড়িগুলোও আটকে পড়ে।

স্থানীয়দের দাবি, চলতি বছরের মে মাসে বাসুদেব ইউনিয়ন থেকে কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল—এই ছয়টি গ্রাম আলাদা করে ‘বরিশল’ নামে নতুন ইউনিয়ন গঠন করা হয়। পরে ৪ জুন প্রকাশিত গেজেটের মাধ্যমে গ্রামগুলো আখাউড়া উপজেলার অন্তর্ভুক্ত করা হয়। এ সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিলেন স্থানীয় বাসিন্দারা।

এর মধ্যে সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়ন একত্র করে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়ার খবর প্রকাশ্যে আসে। স্থানীয় সরকার বিভাগের এ বিষয়ে একটি চিঠি সামনে আসার পর ক্ষোভ আরও বাড়ে। আন্দোলনকারীদের অভিযোগ, সদর উপজেলার প্রশাসনিক কাঠামো পরিবর্তনের এই উদ্যোগ তাঁদের স্বার্থের পরিপন্থী।

পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের মধ্যস্থতায় বেলা সোয়া ১১টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা হয়। বৈঠকের পর তাঁরা অবরোধস্থল ছেড়ে যান। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম জানান, আন্দোলনকারীদের সঙ্গে গঠনমূলক আলোচনা হওয়ার পর তাঁরা কর্মসূচি থেকে সরে দাঁড়িয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল আলম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ট্রেন ও সড়ক যোগাযোগ স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

তবে অবরোধ তুলে নিলেও দাবি পূরণের জন্য প্রশাসনকে ৭২ ঘণ্টা সময় দিয়েছেন আন্দোলনকারীরা। এই সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আবারও কঠোর ও লাগাতার কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

ব্রাহ্মণবাড়িয়া রেলপথ অবরোধ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!