উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়জীদ হোসেন মিঠু। ছবি: সংগৃহীত
বরিশালের উজিরপুরে বাসার ভেন্টিলেটর দিয়ে নারীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে স্থানীয়দের হাতে আটক হয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা বায়জীদ হোসেন মিঠু। পরে ক্ষুব্ধ বাসিন্দাদের মারধরের শিকার হওয়ার পর তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাঁর মুঠোফোনে পাঁচটি আপত্তিকর ভিডিও পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে উজিরপুর শহরের উপজেলা পরিষদ এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মিঠু উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।
স্থানীয়দের অভিযোগ, রাতের বেলায় বিভিন্ন বাড়ির জানালা ও বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক ব্যবহার করে নারীদের অজান্তে ভিডিও করতেন মিঠু। ধারণ করা ভিডিও দেখিয়ে সংশ্লিষ্ট নারীদের ভয় দেখানো এবং ব্ল্যাকমেইল করার পাশাপাশি অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়।
ঘটনার দিন রাতেও একটি বাসার ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ভিডিও ধারণের সময় স্থানীয় বাসিন্দারা তাঁকে ধরে ফেলেন বলে জানা গেছে। তাঁকে আটকের পর উপস্থিত লোকজন মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মিঠুর ব্যবহৃত মুঠোফোন পরীক্ষা করে পাঁচটি আপত্তিকর ভিডিও পাওয়া গেছে। ভিডিওগুলোর বিষয়বস্তু এবং সেগুলোর সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানিয়েছেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। অভিযোগের সত্যতা ও অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল উজিরপুর বায়জীদ হোসেন মিঠু স্বেচ্ছাসেবক দল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!