শিল্পাঞ্চলের নিরাপত্তায় দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: সংগৃহীত
শ্রমিক অসন্তোষের মধ্যে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্প এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় এসব এলাকায় মোট ৩৩ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
রোববার (৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি। সংস্থাটি বলেছে, শিল্পাঞ্চলে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখা, কারখানা ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসাধারণের জানমালের সুরক্ষায় সদস্যদের মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এলাকাও রয়েছে তাদের দায়িত্বের আওতায়।
এ ছাড়া গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনায় নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন বিজিবি সদস্যরা।
মাঠপর্যায়ে মোতায়েন করা সদস্যদের কার্যক্রমের পাশাপাশি সদর দপ্তর থেকেও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজিবির সদর দপ্তরের মনিটরিং সেল প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় বিভিন্ন এলাকার লাইভ ফুটেজ ও সদস্যদের কার্যক্রম সার্বক্ষণিক নজরে রাখছে।
স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন মোতায়েন করা সদস্যরা। শিল্পাঞ্চলে নিরাপদ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এই নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
শিল্পাঞ্চলে বিজিবি ৩৩ প্লাটুন বিজিবি
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!