টেকনাফের দক্ষিণ লম্বরীঘাট এলাকা থেকে মানবপাচারের ঝুঁকিতে থাকা নয়জনকে উদ্ধার করেছে বিজিবি। ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে সমুদ্রপথে নেওয়ার প্রস্তুতিকালে কক্সবাজারের টেকনাফে নয়জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার ব্যক্তিদের মধ্যে তিনজন কিশোর-কিশোরী। বিজিবির অভিযানের উপস্থিতি বুঝতে পেরে সন্দেহভাজন পাচারচক্রের ১০ থেকে ১৫ সদস্য একটি নৌকায় করে সাগরের দিকে পালিয়ে যায়।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফ উপজেলার দক্ষিণ লম্বরীঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
বিজিবি জানায়, শনিবার বিকেলে গোপন সূত্রে খবর আসে, দক্ষিণ লম্বরীঘাট দিয়ে কয়েকজনকে জোরপূর্বক সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর প্রস্তুতি চলছে। খবর পেয়ে ওই এলাকায় বিশেষ টহল দল মোতায়েন করা হয়। সন্ধ্যায় ঘাটে ২০ থেকে ২৫ জনের একটি দল দেখতে পান বিজিবি সদস্যরা। এ সময় সমুদ্র থেকে একটি সন্দেহজনক নৌকা ঘাটের দিকে আসতে থাকলে সেটিকে ধাওয়া করা হয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন চক্রের ১০ থেকে ১৫ সদস্য দ্রুত নৌকায় উঠে সাগরের দিকে চলে যায়। পরে ঘাট এলাকায় থাকা নয়জনকে উদ্ধার করা হয়। বিজিবির ভাষ্য অনুযায়ী, তাঁদের মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে সেখানে নিয়ে আসা হয়েছিল।
উদ্ধার ব্যক্তিদের মধ্যে ১৭ ও ১৬ বছর বয়সী দুই কিশোর এবং ১৭ বছর বয়সী এক কিশোরী রয়েছে। তাঁদের কয়েকজন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। অন্যদের বাড়ি কক্সবাজার সদর, চকরিয়া, মহেশখালী ও উখিয়া উপজেলায়।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার ব্যক্তিরা তাঁদের জোরপূর্বক মানবপাচারের উদ্দেশ্যে ওই এলাকায় আনার কথা জানিয়েছেন। তাঁদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছিল বলে জানান তিনি।
বিজিবি অধিনায়ক আরও বলেন, মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে সীমান্ত ও উপকূলীয় এলাকায় নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাচারকারীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার কথাও জানান তিনি।
টেকনাফ মানবপাচার
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!