যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

সয়াবিন তেলের দাম বাড়ল, লিটারে এখন ২০৪ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ PM ৮২
সয়াবিন তেলের দাম বাড়ল, লিটারে এখন ২০৪ টাকা

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়িয়েছে সরকার। বুধবার (২ সেপ্টেম্বর) ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর প্রতি লিটারে ৫ টাকা মূল্য সমন্বয়ের অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এর ফলে ১৯৯ টাকা দামের এক লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম হয়েছে ২০৪ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে ব্যবসায়ীরা তেলের দাম বাড়ানোর আবেদন জানান। তাদের পক্ষ থেকে প্রতি লিটারে ১০ টাকা দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। তবে সরকার সেই প্রস্তাব পুরোপুরি অনুমোদন না করে ৫ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেয়।

বৈঠকটি অনুষ্ঠিত হয় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কক্ষে। পরে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে সরকারের সিদ্ধান্তের বিষয়টি জানান বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান।

বাণিজ্য সচিবের বক্তব্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বেড়েছে। এর পাশাপাশি পরিবহন ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আমদানিকারকরা তেলের দাম বাড়ানোর দাবি জানিয়েছিলেন।

ব্যবসায়ীরা লিটারপ্রতি ১০ টাকা বাড়ানোর দাবি জানালেও সরকার তা পর্যালোচনা করে ৫ টাকা মূল্য সমন্বয়ের অনুমতি দিয়েছে।

তবে বাণিজ্য সচিব জানিয়েছেন, দেশে বর্তমানে ভোজ্যতেলের কোনো সংকট নেই। বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রমজানের আগে আবার সয়াবিন তেলের দাম বাড়বে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভবিষ্যতে দাম সমন্বয়ের বিষয়টি সে সময়কার বাজার পরিস্থিতির ওপর নির্ভর করবে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!