ছবিঃ সংগৃহীত
রাজধানীর বাজারে সবজি ও পেঁয়াজের দাম কমেছে। একই সঙ্গে ডিম ও মুরগির বাজারেও কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা।
শুক্রবার (১৯ জুন) সকালে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, সবজির সরবরাহ বেড়েছে। ফলে অধিকাংশ সবজি এখন ৫০ থেকে ৮০ টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে।
বাজারে করলা ৭০ টাকা, বরবটি ৬০ টাকা, পটল ৬০ টাকা, কাঁকরোল ৬০ থেকে ৭০ টাকা, বেগুন ৬০ টাকা, শসা ৫০ টাকা, পেঁপে ৪০ থেকে ৫০ টাকা, আলু ২৫ টাকা এবং কাঁচামরিচ ৬০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ নেমে এসেছে ৪০ টাকায়।
ক্রেতারা জানান, কয়েক সপ্তাহ আগের তুলনায় সবজির দাম কিছুটা কমায় তারা স্বস্তি পাচ্ছেন।
মুরগির বাজারেও দামের স্থিতিশীলতা দেখা গেছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা কেজিতে এবং সোনালি মুরগি ৩২০ টাকায়।
ডিমের দামও তুলনামূলক স্থিতিশীল রয়েছে, ডজনপ্রতি ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম ৮০০ টাকা কেজিতেই স্থির আছে।
মাছের বাজারে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। পাঙাশ ১৮০ থেকে ২০০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২৩০ টাকা, রুই ২৬০ থেকে ৩৫০ টাকা এবং চিংড়ি ৫৫০ থেকে ৯০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ বাড়ার কারণে সবজির দাম কমেছে এবং বাজারে স্থিতিশীলতা ফিরেছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!