যুক্তরাষ্ট্র   সোমবার ২ নভেম্বর ২০২৬,১৭ কার্তিক ১৪৩৩

আবারও বিচারকের দায়িত্বে অভিনেতা শামীম জামান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, ০৩:১১ PM ১০৭

আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসবে দ্বিতীয়বারের মতো বিচারকের দায়িত্ব পালন করেছেন শামীম জামান। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব-২০২৬-এর ১০ম আসরে দ্বিতীয়বারের মতো বিচারকের দায়িত্ব পালন করেছেন অভিনেতা ও পরিচালক শামীম জামান। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডে শামীম জামান ছাড়াও বিচারকের দায়িত্ব পালন করেন অভিনেতা মোশাররফ করিম, পরিচালক নাজনীন হাসান খানসহ চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের আরও কয়েকজন ব্যক্তি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের আয়োজক প্রতিনিধি কানু কুমার নাথ, নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল, পরিচালক মো. ফাহাদ, অভিনেতা ফরিদ হোসাইন এবং দ্য ডেইলি সানের মো. জাহিদুল ইসলাম।

এবারের বাভাসি চলচ্চিত্র উৎসবে দেশ-বিদেশ থেকে মোট ৭৫টি চলচ্চিত্র জমা পড়ে। এর মধ্য থেকে নির্বাচিত পাঁচটি চলচ্চিত্র প্রদর্শনের পর বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

উৎসবে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে ‘দ্য পেনান্স’। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মেঘলা পিনারু ‘ব্যাড’ চলচ্চিত্রের জন্য। সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন কৌশিক গাঙ্গুলী ‘মেঘের পরে মেঘ’ চলচ্চিত্রের জন্য। সেরা মিউজিক ডিরেক্টর নির্বাচিত হয়েছেন আদিত্য সন্ন্যাসী ‘দ্য পেনান্স’ চলচ্চিত্রের জন্য। সেরা সম্পাদকের পুরস্কার পেয়েছেন নম্রতা রাও ‘রঙ পেন্সিল’ চলচ্চিত্রের জন্য।

দ্বিতীয়বারের মতো বিচারকের দায়িত্ব পাওয়ায় নিজের আনন্দের কথা জানিয়েছেন শামীম জামান। তিনি বলেন, বিচারক হিসেবে আবারও তার ওপর আস্থা রাখায় তিনি আনন্দিত। পাশাপাশি যারা নিজেদের মেধা ও কাজের মাধ্যমে পুরস্কার অর্জন করেছেন, তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি।

শামীম জামান বলেন, পুরস্কারপ্রাপ্তরা যেন নিজেদের সুযোগকে কাজে লাগিয়ে মেধা ও যোগ্যতার মাধ্যমে আরও সামনে এগিয়ে যেতে পারেন—এটাই তার প্রত্যাশা।

বাভাসি চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ প্রতিবছর চলচ্চিত্রের বিভিন্ন শাখায় প্রতিভা যাচাইয়ের মাধ্যমে নতুনদের সুযোগ দেওয়ার উদ্যোগ নিয়ে থাকে। চিত্রনাট্য, নির্মাণ, অভিনয়, চিত্রগ্রহণ, রূপসজ্জা, শিল্প নির্দেশনা, সম্পাদনা ও আবহসংগীতসহ বিভিন্ন ক্ষেত্রে কাজের মান বিবেচনা করে প্রতিযোগীদের মূল্যায়ন করা হয়।

আয়োজকদের উদ্যোগে মেধার ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে নতুন প্রতিভাদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!