ছবি: সংগৃহীত
বাংলা টেলিভিশন নাটকের দর্শকদের জন্য নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ‘এটা আমাদেরই গল্প’-এর সাফল্যের পর এবার তিনি নির্মাণ করেছেন নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’। এতে একইসঙ্গে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু ও এই প্রজন্মের অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীকে।
গত মাসে ধারাবাহিকটির ঘোষণা ও ফার্স্ট লুক প্রকাশ করা হয়। তখন থেকেই শিমু ও তটিনীকে একসঙ্গে দেখার অপেক্ষায় ছিলেন দর্শকেরা। এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে প্রচারের তারিখ জানিয়েছেন নির্মাতা।
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানিয়েছেন, আগামী ৭ অক্টোবর থেকে ‘ফিরে আসার গল্প’ প্রচার শুরু হবে। প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রযোজনা প্রতিষ্ঠান ‘সিনেমাওয়ালা’র ইউটিউব চ্যানেলে ধারাবাহিকটি দেখা যাবে।
ধারাবাহিকটির গল্প ও চরিত্র নিয়ে বিস্তারিত তথ্য আপাতত গোপন রাখা হয়েছে। তবে প্রকাশিত পোস্টারে সম্পর্কের গুরুত্ব তুলে ধরে লেখা হয়েছে— ‘যেখানে সম্পর্কই বড় শক্তি’।
এর আগে রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। নতুন ধারাবাহিকটির মাধ্যমেও সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা নির্মাতার।
অন্যদিকে, দীর্ঘ বিরতির পর সুমাইয়া শিমুর পর্দায় ফেরা এবং তটিনীর সঙ্গে তার অভিনয়-রসায়ন দেখতে আগ্রহী দর্শকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টের মন্তব্যগুলোতেও সেই আগ্রহের প্রতিফলন দেখা গেছে।
ফিরে আসার গল্প সুমাইয়া শিমু তানজিম সাইয়ারা তটিনী বাংলা নাটক
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!