জেমস ও হাসান। ছবি: সংগৃহীত
বাংলা রকের জনপ্রিয় দুই শিল্পী নগরবাউল জেমস ও আর্কের হাসানকে একই মঞ্চে দেখার সুযোগ পাচ্ছেন ভক্তরা। আগামী ২৩ অক্টোবর রাজধানীর যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক কনসার্ট। আয়োজকদের পরিকল্পনায় এবারের আসরে থাকছে দেশের জনপ্রিয় কয়েকটি ব্যান্ড ও সংগীতশিল্পীর পরিবেশনা।
আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশনস জানিয়েছে, জেমস ও হাসানের পাশাপাশি কনসার্টে অংশ নেবে ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। বিশেষ পরিবেশনায় ওয়ারফেজের সঙ্গে গিটার বাজাবেন অনি হাসান। তাঁর একক পরিবেশনার পাশাপাশি এ কে রাহুলের পারফরম্যান্সও থাকছে আয়োজনটিতে।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, কনসার্ট আয়োজনের প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আগাম টিকিট বিক্রিও শুরু হয়েছে টিকিফাই ডট লাইভ ওয়েবসাইটে। আর্লি বার্ড ক্যাটাগরির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা।
২০২২ সালে ‘রক এন রিদম’ আয়োজন শুরু করে অ্যাডভেন্টর কমিউনিকেশনস। এরপর থেকে রক ও মেটাল সংগীতের শ্রোতাদের কাছে আয়োজনটি পরিচিতি পেয়েছে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দ্বিতীয় ও তৃতীয় আসর এবং ২০২৪ সালে চতুর্থ আসর অনুষ্ঠিত হয়। এবার বসছে আয়োজনটির পঞ্চম আসর।
নব্বইয়ের দশক থেকে বাংলা রকের শ্রোতাদের কাছে পরিচিত জেমস ও হাসানের গান। একই আয়োজনে তাঁদের পরিবেশনার পাশাপাশি দেশের বিভিন্ন ব্যান্ডের অংশগ্রহণের কারণে ২৩ অক্টোবরের কনসার্ট ঘিরে সংগীতপ্রেমীদের আগ্রহ তৈরি হয়েছে বলে আশা করছেন আয়োজকেরা।
জেমস আর্কের হাসান যমুনা ফিউচার পার্ক কার্নিভাল অ্যারেনা কনসার্ট
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!