যুক্তরাষ্ট্র   সোমবার ২ নভেম্বর ২০২৬,১৭ কার্তিক ১৪৩৩

ম্যাডক ফিল্মসের নতুন হরর ছবিতে কৃতি শ্যানন

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৫ PM | সর্বশেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৬ PM ৪০
ম্যাডক ফিল্মসের নতুন হরর ছবিতে কৃতি শ্যানন

ছবি: সংগৃহীত

বলিউডে এবার ভৌতিক গল্পের প্রধান চরিত্রে দেখা যেতে পারে কৃতি শ্যাননকে। ম্যাডক ফিল্মসের প্রযোজনায় নতুন একটি হরর সিনেমায় অভিনয়ের জন্য যুক্ত হয়েছেন তিনি। তবে ছবির নাম, গল্প কিংবা মুক্তির সময়সূচি এখনও প্রকাশ করা হয়নি।

কমেডি ও ড্রামার পাশাপাশি অতিপ্রাকৃত ঘরানার সিনেমায়ও কাজ করেছেন কৃতি। ম্যাডক ফিল্মসের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। প্রতিষ্ঠানটির আটটি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। সেগুলোর মধ্যে ‘রাবতা’, ‘লুকা ছুপি’, ‘মিমি’ ও ‘ভেড়িয়া’ উল্লেখযোগ্য।

‘মিমি’ ছবিতে অভিনয়ের সুবাদে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পান কৃতি। ম্যাডক ফিল্মসের হরর ইউনিভার্সের সিনেমা ‘স্ত্রী’-তে আইটেম গানেও অংশ নিয়েছিলেন তিনি। চলতি বছর ‘তেরে ইশক মে’ ও ‘ককটেল ২’ সিনেমায় অভিনয় নিয়েও আলোচনায় রয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি এক আলাপচারিতায় মানুষের প্রতি নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন কৃতি। তাঁর ভাষ্য, মানুষের কিছু স্বভাব সহজে বদলায় না। তারপরও তিনি অন্যের মধ্যে ভালো দিক খুঁজে দেখতে চান। কারও নেতিবাচক দিক সামনে এলেও সেটিকে নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং তার মধ্যে ইতিবাচক কিছু আছে কি না, তা বোঝার চেষ্টা করেন।

অন্যদিকে, নিজের ব্যক্তিত্বের অধিকার রক্ষায় দিল্লি হাইকোর্টে মামলা করেছেন কৃতি শ্যানন। তাঁর অভিযোগ, অনুমতি ছাড়াই নাম, মুখ, ছবি, কণ্ঠস্বর ও পরিচিতি বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে। এসবের বিরুদ্ধে আইনি সুরক্ষা চেয়েছেন তিনি।

মামলাটির শুনানিতে বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব ব্যক্তিত্বের অধিকারের সীমানা ও আইনি সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন। কৃতির আইনজীবী প্রবীণ আনন্দকে এ বিষয়ে প্রাসঙ্গিক আদালতের রায়, গবেষণাপত্র ও অন্যান্য আইনি নথি জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি ব্যক্তিত্বের অধিকার সম্পর্কে তাঁর আইনি ব্যাখ্যাও আদালতে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি ২৯ অক্টোবর।

কৃতি শ্যানন ম্যাডক ফিল্মস বলিউড হরর ফিল্ম

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!