দুর্গোৎসব উপলক্ষে প্রকাশিত হয়েছে ‘জয় দুর্গা মায়ের জয়’, ‘মহাদুর্গা’, ‘মেঘ আড়ালে’সহ বেশ কয়েকটি গান। ছবি: সংগৃহীত
দুর্গাপূজার আনন্দ ও উৎসবের আবহকে ঘিরে প্রকাশিত হয়েছে নতুন বেশ কিছু গান। দেবী দুর্গার বন্দনা, ভক্তিগীতি, সম্প্রীতি ও ভালোবাসার ভাবনা নিয়ে তৈরি এসব গানে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন সংগীতশিল্পী। নতুন গানগুলোর মধ্যে রয়েছে ‘জয় দুর্গা মায়ের জয়’, ‘মেঘ আড়ালে’, ‘মহাদুর্গা’, ‘হৃদয় দিয়েছি তোমারে’, ‘প্রিয় দুর্গা মা’ ও ‘মা এলো’।
ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার পরিকল্পনা ও প্রযোজনায় তৈরি হয়েছে ‘জয় দুর্গা মায়ের জয়’। গানটিতে কণ্ঠ দিয়েছেন বিপ্লব সাহা, হৈমন্তী রক্ষিত দাস, কর্ণিয়া ও স্বপ্নীল সজীব। সঞ্জীবন চক্রবর্তীর লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন উজ্জ্বল সিনহা। কল্পলোক ক্রিয়েটিভ ফ্যাক্টরির ব্যানারে মিউজিক ভিডিও নির্মাণ করছেন উজ্জ্বল রহমান, কোরিওগ্রাফিতে রয়েছেন সাইফুল ইসলাম। গানটি নিয়ে বিপ্লব সাহা বলেন, পূজার আনন্দই শ্রোতারা এই গানে খুঁজে পাবেন। শিল্পীদের আন্তরিক অংশগ্রহণ ও সুরের কারণে গানটি ভালো লাগবে বলে তাঁর আশা। বিশ্বরঙের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলসহ শিল্পীদের সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি প্রকাশিত হয়েছে।
গানচিল মিউজিক থেকে এসেছে সুতপা মণ্ডল ও মঙ্কস পার্লের ‘মেঘ আড়ালে’। দিবাশ কৃষ্ণ বিশ্বাসের লেখা গানটির সুর, সংগীত আয়োজন ও প্রযোজনায় রয়েছেন অদিত রহমান। পারকিউশনে মিঠুন চক্র এবং সেতারে সোহিনি মজুমদার অংশ নিয়েছেন। পুরোনো দিনের ক্যানভাস, গ্রামোফোন ও অ্যান্টিক আসবাব দিয়ে সাজানো সেটে ভিডিওটি নির্মাণ করেছেন একে পরাগ। নৃত্যে রয়েছেন শ্রেষ্ঠা সরকার। সুতপা মণ্ডল জানান, গানটির পরিবেশনা ও নির্মাণে তাঁর দুই বোন সোহিনি ও শ্রেষ্ঠাও যুক্ত হয়েছেন।
দেবী দুর্গার মহিমা, নারীশক্তি, মানবতা ও ন্যায়বিচারের বার্তা নিয়ে তৈরি হয়েছে ‘মহাদুর্গা’। গানজানালা ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই গানে শাস্ত্রীয়, লোকজ ও আধুনিক সংগীতের সমন্বয় করা হয়েছে। কণ্ঠ দিয়েছেন ভবসিন্ধু সরকার, দোলা অধিকারী, শুভ্র সরকার, মৌমিতা বিশ্বাস, এসডি সাগর, সিক্তা সাহা, সোহাগ চন্দ্র সাহা ও তন্বী সাহা। গানটির কথা লিখেছেন সঞ্জীবন চক্রবর্তী, সুর করেছেন ভবসিন্ধু সরকার এবং প্রযোজনা করেছেন শামীম হাসান। ভিডিও পরিচালনায় অনিক কান্তি সরকার, চিত্রগ্রহণে রফিকুল ইসলাম। দেবী দুর্গার কুমারী রূপে অভিনয় করেছে শিশুশিল্পী আইরা।
দুর্গাপূজা উপলক্ষে আসিফ আকবরের কণ্ঠেও প্রকাশ পেয়েছে নতুন গান ‘হৃদয় দিয়েছি তোমারে’। তরুণ মুন্সীর লেখা ও সুর করা গানটিতে আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছেন রুবাইয়াত জাহান। সংগীত আয়োজন করেছেন রাজা কাশেফ। রোমান্টিক ঘরানার গানটি প্রকাশিত হয়েছে আসিফ আকবরের ইউটিউব চ্যানেলে।
রিভাইভ রেকর্ডস থেকে প্রকাশিত হয়েছে বিশ্বজিতের ‘প্রিয় দুর্গা মা’। মাহী ফ্লোরার লেখা গানটির সুর করেছেন বিশ্বজিৎ, সংগীত আয়োজন করেছেন সব্যসাচী রনি। শিল্পীর ভাষ্য, গানটির কথায় ও সুরে দেবী দুর্গার বন্দনার পাশাপাশি উৎসবের আনন্দও তুলে ধরা হয়েছে।
এদিকে কাজী নজরুল ইসলামের ভক্তিগীতি ‘মাগো চিন্ময়ী রূপ ধরে আয়’ নতুন সংগীতায়োজনে প্রকাশ করেছে জি সিরিজ। গানটিতে কণ্ঠ দিয়েছেন ডা. কাকলী হালদার। সুমন চৌধুরী ও ইবনে রাজন যৌথভাবে সংগীত পরিচালনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। নৃত্যশিল্পী সঞ্চিতা চক্রবর্তী গানের আবেগ ও ভক্তির ভাব দৃশ্যের মাধ্যমে তুলে ধরেছেন। জি সিরিজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে গানটি পাওয়া যাচ্ছে।
নিজের ইউটিউব চ্যানেলে ‘মা এলো’ প্রকাশ করেছেন সংগীতশিল্পী রাহিদা লগ্না। গানটির কথা, সুর ও কণ্ঠ তাঁরই। ভিডিওতে মডেল হয়েছেন তিনি, সংগীত পরিচালনা করেছেন সুমন। দেবী দুর্গার আগমনের আনন্দ শ্রোতাদের মধ্যে ছড়িয়ে দেবে—এমন প্রত্যাশা জানিয়েছেন শিল্পী।
দুর্গাপূজা নতুন গান
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!