যুক্তরাষ্ট্র   সোমবার ২ নভেম্বর ২০২৬,১৭ কার্তিক ১৪৩৩

ব্রিকস সম্মেলনে মোদি-শির বৈঠক, সাত বছর পর ভারতে চীনা প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ PM ৯১
ব্রিকস সম্মেলনে মোদি-শির বৈঠক, সাত বছর পর ভারতে চীনা প্রেসিডেন্ট

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: সংগৃহীত

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের ফাঁকে আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রায় সাত বছর পর ভারতে সফরে আসছেন শি জিনপিং। সীমান্ত নিয়ে দীর্ঘদিনের উত্তেজনার কারণে ভারত ও চীনের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে এই সফরকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

ব্রিকস সম্মেলনের সময় শুধু শি জিনপিংয়ের সঙ্গেই নয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও পৃথক বৈঠক করবেন নরেন্দ্র মোদি।

মোদি ও শির সর্বশেষ দ্বিপক্ষীয় বৈঠক হয়েছিল ২০২৪ সালের অক্টোবরে রাশিয়ার কাজানে। এর আগে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) ঘিরে সামরিক অচলাবস্থা নিরসনে দুই দেশ সমঝোতায় পৌঁছেছিল। পরে গত আগস্টে চীনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকেও দুই নেতা বৈঠক করেন।

এ ছাড়া বিশকেকে এসসিও সম্মেলনের বার্ষিক পারিবারিক ছবির সময়ও মোদি ও শিকে সংক্ষিপ্ত আলাপ করতে দেখা যায়।

২০১৯ সালের অক্টোবরের পর এবারই প্রথম ভারতে আসছেন শি জিনপিং। ওই সময় তামিলনাড়ুর মামাল্লাপুরমে মোদির সঙ্গে দ্বিতীয় অনানুষ্ঠানিক বৈঠকে অংশ নিয়েছিলেন তিনি।

এর প্রায় ছয় মাস পর লাদাখ সেক্টরে চীনা সেনাদের অনুপ্রবেশকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে বড় ধরনের অবনতি ঘটে। এর ফলে ভারত-চীন সম্পর্ক গত ছয় দশকের মধ্যে সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শি জিনপিং

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!