যুক্তরাষ্ট্র   সোমবার ২ নভেম্বর ২০২৬,১৭ কার্তিক ১৪৩৩

দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, মমতা ব্যানার্জী আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৪:১০ PM | সর্বশেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৬, ০৪:১১ PM ৫৪
দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, মমতা ব্যানার্জী আটক

ছবি: সংগৃহীত

ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে আয়োজিত বিক্ষোভ ঘিরে দিল্লিতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আটক করা হয়েছে আন্দোলনের নেতাসহ বহু বিক্ষোভকারীকে।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ চলাকালে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সাউথ অ্যাভিনিউ বাসস্ট্যান্ডের কাছে সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানানোর সময় তাঁকে আটক করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মমতা ব্যানার্জী ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিলেন। দিল্লির যন্তর মন্তরে কর্মসূচি আয়োজনের ঘোষণা দেওয়া হলেও পুলিশ সেখানে সমাবেশের অনুমতি দেয়নি। পরে মমতা সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান।

ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে এই আন্দোলনের সূত্রপাত। আন্দোলনকারীদের অভিযোগ, সংশোধনের নামে বিপুলসংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর মাধ্যমে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নির্বাচনী সুবিধা পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধী নেতারা।

তবে নির্বাচন কমিশন এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। কমিশনের দাবি, ভোটারদের তথ্য যাচাইয়ের অংশ হিসেবেই সংশোধন কার্যক্রম পরিচালিত হয়েছে। বিজেপিও নির্বাচনী সুবিধা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ ঠেকাতে শনিবার দিল্লির গুরুত্বপূর্ণ এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। বিভিন্ন সড়কে ব্যারিকেড বসানোর পাশাপাশি কয়েকটি মেট্রো স্টেশনে চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। রাজধানীর নির্দিষ্ট এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট সেবাও বন্ধ রাখা হয়।

কঠোর নিরাপত্তার মধ্যেও বিক্ষোভের চেষ্টা করেন আন্দোলনকারীরা। এ সময় সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ বহু নেতা-কর্মীকে আটক করে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, কর্মসূচি শুরুর আগেও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অনেককে আটক করা হয়েছিল।

আন্দোলনকারীরা প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে বিক্ষোভকে কেন্দ্র করে নেওয়া নিরাপত্তাব্যবস্থা এবং পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধী রাজনৈতিক শিবিরে সমালোচনা শুরু হয়েছে।

ঘটনাটি নিয়ে শনিবার ভারতের রাজনৈতিক অঙ্গনে আলোচনা চললেও মমতা ব্যানার্জীকে আটকের পর তাঁর মুক্তির সময় বা পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে প্রাথমিক প্রতিবেদনে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!