ভারতের নয়াদিল্লির ইন্ডিয়া গেট ছবি: সংগৃহীত
ভারতের রাজধানী নয়াদিল্লি ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। সোমবার সকালে দিল্লির পাশাপাশি নয়ডা, গুরুগ্রাম ও গাজিয়াবাদেও বৃষ্টি ও বজ্রঝড় শুরু হয়। এতে বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচল ব্যাহত হওয়ার পরিস্থিতি তৈরি হয়।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জানা গেছে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে ঘণ্টায় ১৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত, প্রায় ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং তীব্র বজ্রপাতের আশঙ্কা জানানো হয়েছিল। সতর্কতাটি সোমবার সকাল ৯টা পর্যন্ত কার্যকর থাকার কথা বলা হয়।
সকালে অফিসগামী মানুষের যাতায়াতের সময় বৃষ্টি শুরু হওয়ায় রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতা দেখা দেয়। মধ্য দিল্লির করোলবাগে ঝান্ডেওয়ালান মন্দিরসংলগ্ন এলাকাসহ বিভিন্ন স্থানে যান চলাচলে বিঘ্ন ঘটে। এতে সড়কে যানজটের আশঙ্কাও তৈরি হয়।
তবে ভারী বৃষ্টির পর দিল্লিতে আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির তথ্যমতে, পরবর্তী ছয় দিনে রাজধানীতে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময়ে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!