ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে বিতর্ক অব্যাহত রয়েছে। এ ঘটনায় তার পদত্যাগের দাবিতে শ্যামনগরে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা ঈশ্বরীপুর, নুরনগর, বংশীপুরসহ কয়েকটি এলাকার প্রধান সড়কে মিছিল করেন।
আন্দোলনকারীদের দাবি, বিষয়টি শুধু রাজনৈতিক বা দলীয় শৃঙ্খলার মধ্যে সীমাবদ্ধ নয়। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ নিয়ে সাংবিধানিক ও আইনি প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।
বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন তাকে শ্যামনগরে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করার দাবি জানান। তাদের ভাষ্য, এ ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে এবং বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামকে ঘিরে আরও একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে এক নারীর সঙ্গে একটি হোটেলের লবিতে প্রবেশ করতে দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। পরে তারা রিসেপশনে কথা বলে ভেতরের দিকে চলে যান।
তবে ভিডিওতে থাকা নারী কে, ভিডিওটি কখন ও কোথায় ধারণ করা হয়েছে এবং এর প্রকৃত প্রেক্ষাপট কী—এসব তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। ওই নারীকে গাজী নজরুল ইসলামের কথিত দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করা হলেও বিষয়টি যাচাই করা সম্ভব হয়নি।
এর আগে ২০ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওকে ঘিরে আলোচনা শুরু হয়। ওই ভিডিও নিয়ে গাজী নজরুল ইসলাম দাবি করেছিলেন, সেখানে থাকা নারী তার বৈধ দ্বিতীয় স্ত্রী। তিনি এক বিবৃতিতে জানান, ঘটনাটি রাজধানীর মগবাজারে তার দ্বিতীয় স্ত্রীর বাবার ব্যবসায়িক কার্যালয়ে ঘটেছিল এবং ভিডিওটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে।
ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে।
গাজী নজরুল ইসলাম ভাইরাল ভিডিও
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!