যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

রাষ্ট্রপতির পদে থাকাকালীন আইনি সুরক্ষা, তবে আগে-পরে অভিযোগে ব্যবস্থা নেওয়া যাবে: উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ০৩:৪২ PM

রাষ্ট্রপতির পদে থাকাকালীন আইনি সুরক্ষা, তবে আগে-পরে অভিযোগে ব্যবস্থা নেওয়া যাবে: উপদেষ্টা

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালীন সময়ে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া যায় না। তবে রাষ্ট্রপতি হওয়ার আগে বা দায়িত্ব শেষ হওয়ার পর কোনো অনিয়ম, অসদাচরণ বা অভিযোগের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, তাঁর বক্তব্য কোনো নির্দিষ্ট রাষ্ট্রপতিকে ঘিরে নয়; এটি দেশের যেকোনো রাষ্ট্রপতির ক্ষেত্রে প্রযোজ্য।

রাষ্ট্রপতিকে দায়মুক্তি দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, বিষয়টি নিয়ে বিভ্রান্তি রয়েছে। সংবিধান অনুযায়ী দায়িত্বে থাকা রাষ্ট্রপতি তাঁর পদে থাকাকালীন আইনের মুখোমুখি হন না। কিন্তু দায়িত্বের আগে বা পরে কোনো ধরনের অনিয়মের অভিযোগ থাকলে সেসব বিষয়ে আইনি প্রক্রিয়া চালানো সম্ভব।

তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের মধ্যে আয়োজনের বিষয়ে সরকারের আগের অবস্থান বহাল রয়েছে। পাশাপাশি কক্সবাজারকে সিটি করপোরেশন করার প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে।

২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের সময় জেলা প্রশাসকের দায়িত্বে থাকা ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, সরকার এ বিষয়ে নির্দিষ্ট কোনো কারণ জানায়নি। তিনি উল্লেখ করেন, সরকারি চাকরি আইনে চাকরির নির্দিষ্ট মেয়াদ পূর্ণ হলে কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিধান রয়েছে এবং এ ক্ষেত্রে কারণ দর্শানোর প্রয়োজন নাও হতে পারে।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিকস সম্মেলনে অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশ ব্রিকসের সদস্য নয়, পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ পেয়েছে। তাই সরকারের সিদ্ধান্তের পর প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত হবে।

সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি জাহেদ উর রহমান

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!