যুক্তরাষ্ট্র   সোমবার ২ নভেম্বর ২০২৬,১৭ কার্তিক ১৪৩৩

আপসের পর এমপি গাজী নজরুলের জামিন শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০২:২৮ PM ৪৪
আপসের পর এমপি গাজী নজরুলের জামিন শুনানি আজ

সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিনের বিষয়ে আজ বুধবার সিদ্ধান্ত দিতে পারে আদালত। বাদীপক্ষের সঙ্গে সমঝোতা হয়েছে এবং তাঁকে জামিন দিলে তাদের আপত্তি নেই—আসামিপক্ষের এমন বক্তব্যের পর নতুন করে জামিন আবেদন করা হয়েছে।

গত ৫ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে গাজী নজরুল ইসলামের পক্ষে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী মাহাবুবুর রহমান। আদালত আবেদনটির শুনানির জন্য ৭ অক্টোবর তারিখ নির্ধারণ করেন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী আদালতকে জানান, মরিয়ম খাতুনের পরিবারের সঙ্গে তাঁদের সমঝোতা হয়েছে এবং জামিনের বিষয়ে বাদীপক্ষের কোনো আপত্তি নেই। এ অবস্থায় গাজী নজরুলকে জামিন দেওয়া হলে মামলার তদন্ত বা বিচারপ্রক্রিয়ায় কোনো বাধা তৈরি হবে না বলেও যুক্তি দেন তিনি।

মরিয়ম খাতুনের মৃত্যুর পর তাঁর বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।

গত ২০ সেপ্টেম্বর রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এরপর মামলার তদন্তে গাজী নজরুল ইসলামকে দুই দফায় মোট আট দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ড শেষে ২৮ সেপ্টেম্বর তাঁকে কারাগারে পাঠানো হয়।

এর আগে ৩০ সেপ্টেম্বর মামলার আরেক আসামি মাকসুদা ইসলামের জামিন মঞ্জুর করেন আদালত। অন্য আসামি ওবায়দুর রহমানকেও গ্রেপ্তারের পর রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!