জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত
চট্টগ্রামমুখী লং মার্চে সম্ভাব্য কয়েকটি পথসভার স্থান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে লং মার্চের প্রস্তুতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
গোলাম পরওয়ার বলেন, লং মার্চের বহরে সময় বাঁচাতে একসঙ্গে কয়েকটি টিম কাজ করবে। কোনো একটি স্থানে পথসভা চলার সময় অগ্রবর্তী দল পরবর্তী গন্তব্যে চলে যাবে। সেখানে তারা বক্তব্য ও কর্মসূচি শেষ করে পরের স্থানের দিকে এগিয়ে যাবে। পরে দলের শীর্ষ নেতারা ওই স্থানে গিয়ে তাদের সঙ্গে যুক্ত হবেন।
সম্ভাব্য কর্মসূচির স্থান সম্পর্কে তিনি জানান, চিটাগাং রোডের কাচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ডে প্রথম পথসভা হওয়ার কথা রয়েছে। এরপর পদুয়া বাজার বিশ্বরোড, কুমিল্লার নুরজান হোটেলের সামনে, চৌদ্দগ্রাম, মহিপাল ও মিরসরাইয়ে পথসভা করার পরিকল্পনা রয়েছে। এসব কর্মসূচি শেষে গাড়িবহর চট্টগ্রামের লালদীঘির উদ্দেশে রওনা হবে।
স্বাভাবিক পরিস্থিতি থাকলে, অর্থাৎ বড় ধরনের যানজট বা গাড়ির কারিগরি সমস্যার মতো ব্যতিক্রম না ঘটলে সন্ধ্যা ৭টার দিকে লালদীঘিতে পৌঁছানোর প্রত্যাশা করছেন আয়োজকেরা বলে জানান জামায়াতের এই নেতা।
লং মার্চে অংশগ্রহণকারীদের ব্যবস্থাপনার বিষয়েও বিস্তারিত তুলে ধরেন গোলাম পরওয়ার। তিনি জানান, প্রত্যেক অংশগ্রহণকারীকে ডেলিগেট কার্ড দেওয়া হবে। প্রতিটি গাড়ির সামনে ও পেছনে থাকবে নির্দিষ্ট স্টিকার এবং নম্বর। এতে পুরো গাড়িবহরকে নির্দিষ্ট নিয়মে পরিচালনা করা হবে।
তিনি আরও জানান, শীর্ষ নেতাদের নিরাপত্তার দায়িত্বে থাকা গাড়ির পাশাপাশি অ্যাম্বুলেন্স, সাংস্কৃতিক বিভাগ, আইটি ও মেডিকেল বিভাগের গাড়িগুলোও বহরে নির্ধারিত ক্রম অনুযায়ী থাকবে।
এ সময় গোলাম পরওয়ার আরও বলেন, সরকার পতনের উদ্দেশ্যে তাৎক্ষণিক কোনো আন্দোলন করছে না জামায়াত। তার ভাষায়, আগামীকালই সরকারকে উৎখাত করার কোনো কর্মসূচি তাদের নেই; লং মার্চকে সে ধরনের আন্দোলন হিসেবেও দেখছেন না তারা।
জামায়াত
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!