যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ PM ৭৮
হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

বর্তমান তেল সংকটের মধ্যে বিপুল পরিমাণ জ্বালানি ব্যবহার করে বিরোধী দলের লংমার্চ আয়োজনকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধের কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে হাজার হাজার লিটার তেল খরচ করে লংমার্চ আয়োজন সমর্থনযোগ্য নয়।

রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ পুকুরে গাছের পোনা অবমুক্তকরণ এবং শিশুদের সাঁতার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিরোধী জোটের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন জোট বিভিন্ন ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। এখন তেল, বিদ্যুৎ ও সারসহ বিভিন্ন সংকটকে সামনে এনে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রে জ্বালানি ব্যবহারের বিষয়টিও বিবেচনায় রাখা প্রয়োজন। তেল সংকটের সময়ে বিপুল পরিমাণ জ্বালানি ব্যয় করে দীর্ঘ পথের কর্মসূচি আয়োজনকে তিনি অযৌক্তিক বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি পানিতে ডুবে শিশুদের মৃত্যু ঠেকাতে ছোটবেলা থেকেই তাদের সাঁতার শেখানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী। তিনি মাদকবিরোধী কার্যক্রমে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সব পক্ষকে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা কে এম আব্দুল হালিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা, সাঁতার প্রশিক্ষণে অংশ নেওয়া শিশু এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!