ছবি:সংগৃহীত
কক্সবাজারের পেকুয়ায় স্থানীয় নেতাকর্মীদের বিভিন্ন সমস্যা সমাধানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা মোলার পাড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে স্থানীয় নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্থানীয় সমস্যা নিয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুটের প্রশ্নের জবাবে রাশেদ খাঁন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এলাকায় রয়েছেন এবং তাঁর ওপর আস্থা রাখলে সমস্যাগুলোর সমাধান হবে।
এর আগে রাশেদ খাঁন শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন। পরে তিনি ওয়াসিমের বাবা শফিউল আলমের সঙ্গে কথা বলেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় তিনি শহীদ পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।
সাংবাদিকদের রাশেদ খাঁন বলেন, জুলাই আন্দোলনে নিহতদের পরিবারগুলোর পাশে বিএনপি সরকার থাকবে। ওয়াসিম আকরাম, আবু সাঈদসহ আন্দোলনে নিহতদের হত্যার বিচার করার কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, শহীদ ওয়াসিম আকরামের কবরের সঙ্গে সংযুক্ত প্রধান সড়কটির টেকসই উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। তাঁর ভাষ্য অনুযায়ী, জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ বিষয়ে উদ্যোগ নেবেন।
জুলাই গণ-অভ্যুত্থানে বিএনপির ভূমিকা নিয়ে ওঠা সমালোচনার প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, আন্দোলনে ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের আত্মত্যাগ বিএনপির ভূমিকার একটি উদাহরণ হিসেবে উল্লেখ করা যেতে পারে।
রাশেদ খাঁনের বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালের আন্দোলনকে শুধু কোটা সংস্কারের দাবিতে সীমাবদ্ধ না রেখে রাষ্ট্র সংস্কারের বৃহত্তর আন্দোলনে রূপ দেওয়ার বিষয়ে তিনি তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সালাহউদ্দিন আহমদের সঙ্গে আলোচনা করেছিলেন। তাঁর দাবি, পরে তারেক রহমানের নির্দেশনায় সালাহউদ্দিন আহমদ আন্দোলনের রাজনৈতিক সমন্বয়ে ভূমিকা রাখেন।
তিনি বলেন, শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন করলেও রাজনৈতিকভাবে সহযোগিতা ও সমন্বয়ের প্রয়োজন ছিল। তাঁর মতে, সালাহউদ্দিন আহমদের সমন্বয় আন্দোলনের ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এর আগে সকালে চকরিয়া উপজেলায় বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাশেদ খাঁন।
শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে তাঁর বাবা শফিউল আলম, পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম, থানার ওসি মেহেদী হাসানসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপি সরকার কক্সবাজার রাজনীতি
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!