যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গায় ছাত্রদল নেতার শরীরে ফুটন্ত পানি ঢালার অভিযোগ, আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১৯ PM ৩৮
চুয়াডাঙ্গায় ছাত্রদল নেতার শরীরে ফুটন্ত পানি ঢালার অভিযোগ, আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে মামলা

ছবি:সংগৃহীত

চুয়াডাঙ্গা সদর উপজেলায় রাজনৈতিক মন্তব্য ও মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এক ছাত্রদল নেতার শরীরে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের পুকুরপাড়া মোড়ের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান। তিনি শঙ্করচন্দ্র গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। আহত অপর দুজন হলেন একই এলাকার সিরাজুল ইসলাম ও হাসান। তাঁদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন হাসানুজ্জামান অভিযোগ করেন, ঘটনার সময় তিনি স্থানীয় একটি চায়ের দোকানে ছিলেন। সেখানে সুলতান বিএনপি, স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব এবং মসজিদে নামাজ পড়া নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এর প্রতিবাদ করায় তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সুলতান দোকানের কেটলিতে থাকা ফুটন্ত পানি তাঁর শরীরে ঢেলে দেন বলে অভিযোগ করেন তিনি।

হাসানুজ্জামানকে রক্ষা করতে এগিয়ে এলে সিরাজুল ইসলাম ও হাসানের শরীরেও গরম পানি ছিটকে পড়ে। এতে তিনজনই দগ্ধ হন। ঘটনার পর অভিযুক্ত সুলতান সেখান থেকে চলে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সুলতান শঙ্করচন্দ্র ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আত্তাব হোসেনের ছেলে।

ঘটনার পর চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরীফ উর জামান সিজার হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ নেন। তিনি ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্র জানিয়েছে, তিনজনের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। তাঁদের হাসপাতালে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ছাত্রদল নেতার ওপর হামলা ফুটন্ত পানি নিক্ষেপ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!