যুক্তরাষ্ট্র   শুক্রবার ৫ জুন ২০২৬,২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফিনিক্স সামিট ২০২৬: সাইবার নিরাপত্তায় নতুন মাইলফলকের পথে বাংলাদেশ

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ১১:২২ PM

১৩
ফিনিক্স সামিট ২০২৬: সাইবার নিরাপত্তায় নতুন মাইলফলকের পথে বাংলাদেশ

ফিনিক্স সামিট ২০২৬-এর ঘোষণা অনুষ্ঠানে আয়োজকরা। ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের সাইবার নিরাপত্তা সক্ষমতা আরও শক্তিশালী করতে আগামী ২৩ থেকে ২৭ জুন পর্যন্ত রাজধানীতে অনুষ্ঠিত হবে ‘ফিনিক্স সামিট ২০২৬’। দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি) আয়োজিত পাঁচ দিনব্যাপী এই আয়োজন সরকার, শিল্পখাত, একাডেমিয়া ও সাইবার নিরাপত্তা পেশাজীবীদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসবে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সামিটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। আয়োজকরা জানান, দক্ষ মানবসম্পদ তৈরি, অংশীজনদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জাতীয় ডিজিটাল স্থিতিশীলতা জোরদার করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

সামিটের প্রথম তিন দিন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। এতে দেশ-বিদেশের খ্যাতনামা বিশেষজ্ঞরা সাইবার ইনভেস্টিগেশন, ডেভসেকঅপস, অ্যাপ্লিকেশন সিকিউরিটি, ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট এবং র‍্যানসমওয়্যার প্রতিরোধ কৌশলসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেবেন।

পরবর্তী দুই দিন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) অনুষ্ঠিত হবে মূল আন্তর্জাতিক সম্মেলন। এতে নীতিনির্ধারক, প্রযুক্তি বিশেষজ্ঞ, শিল্পখাতের প্রতিনিধি এবং সাইবার নিরাপত্তা পেশাজীবীরা অংশ নেবেন। সম্মেলনে ‘ব্লু টিম ডে’ ও ‘রেড টিম ডে’ শীর্ষক বিশেষ ট্র্যাকের মাধ্যমে থ্রেট ইন্টেলিজেন্স, ক্লাউড সিকিউরিটি, ইনসিডেন্ট রেসপন্স, সাইবার গভর্ন্যান্স, ডিজিটাল ট্রাস্ট এবং জাতীয় সাইবার কৌশল নিয়ে আলোচনা হবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, জার্মানি, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা এ সম্মেলনে অংশ নেবেন। পাশাপাশি সাইবার নিরাপত্তা খাতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে ‘বেস্ট সাইবারসিকিউরিটি ক্লাব অ্যাওয়ার্ড’ ও ‘উইমেন ইন সাইবারসিকিউরিটি অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে।

দ্য টিম ফিনিক্স গ্রুপের ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক এএসএম শামীম রেজা বলেন, সাইবার নিরাপত্তা এখন জাতীয় স্থিতিশীলতা, অর্থনৈতিক নিরাপত্তা এবং ডিজিটাল সার্বভৌমত্বের গুরুত্বপূর্ণ অংশ। ফিনিক্স সামিট ২০২৬ বাংলাদেশের সাইবার সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক ডিজিটাল অঙ্গনে দেশের অবস্থান আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আন্তর্জাতিক অংশগ্রহণ, প্রযুক্তিগত জ্ঞান বিনিময় এবং দক্ষ জনবল তৈরির উদ্যোগের মাধ্যমে ফিনিক্স সামিট ২০২৬ দেশের সাইবার নিরাপত্তা খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!