ঈদ পুনর্মিলনী ও প্যানেল পরিচিতি ২০২৬ আয়োজনের প্রস্তুতি। ছবি: সংগৃহীত
ঢাকা: ঈদ-পরবর্তী আনন্দ ভাগাভাগি এবং পর্যটন খাতের উদ্যোক্তাদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর অগ্রগামী ঐক্যজোট। আগামী ৫ জুন শীতলক্ষ্যা নদীর বুকে রিভার ক্রুজে অনুষ্ঠিত হবে ‘ঈদ পুনর্মিলনী ও প্যানেল পরিচিতি ২০২৬’।
আয়োজকদের প্রত্যাশা, দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটন খাতের দুই শতাধিকের বেশি উদ্যোক্তা, ট্যুর অপারেটর এবং খাতসংশ্লিষ্ট ব্যবসায়ী এ আয়োজনে অংশ নেবেন। অনুষ্ঠানটির ইভেন্ট সহযোগী হিসেবে রয়েছে ভান্টোরা কমিউনিকেশনস লিমিটেড এবং সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে দ্যা এক্সপ্লোরার।
আয়োজকরা জানান, এটি শুধু একটি সামাজিক পুনর্মিলনী নয়; বরং পর্যটন খাতে নতুন সংযোগ সৃষ্টি, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। অনুষ্ঠানে থাকবে নেটওয়ার্কিং সেশন, সৌহার্দ্যপূর্ণ আড্ডা, বিনোদন এবং বিশেষ ‘প্যানেল পরিচিতি’ পর্ব, যেখানে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের প্যানেল সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।
সংশ্লিষ্টদের মতে, দেশের পর্যটন শিল্প বর্তমানে নতুন সম্ভাবনা ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। অভ্যন্তরীণ পর্যটনের বিস্তার, নতুন গন্তব্যের জনপ্রিয়তা এবং প্রযুক্তিনির্ভর সেবার সম্প্রসারণ যেমন নতুন সুযোগ তৈরি করছে, তেমনি বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও বাজার প্রতিযোগিতা খাতটিকে আরও সমন্বিত হওয়ার প্রয়োজনীয়তার দিকে নিয়ে যাচ্ছে।
শীতলক্ষ্যা নদীতে আয়োজিত এই রিভার ক্রুজভিত্তিক পুনর্মিলনী উদ্যোক্তাদের মধ্যে মতবিনিময়, অভিজ্ঞতা ভাগাভাগি এবং ব্যবসায়িক সম্পর্ক জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা। একই সঙ্গে অভিজ্ঞ ও নতুন প্রজন্মের উদ্যোক্তাদের মধ্যে সংযোগ তৈরির ক্ষেত্র হিসেবেও এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
পর্যটন খাতসংশ্লিষ্টরা বলছেন, টেকসই উন্নয়নের জন্য পারস্পরিক সহযোগিতা, যৌথ পরিকল্পনা এবং আস্থার সম্পর্ক গড়ে তোলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন সেই লক্ষ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।
আয়োজকদের আশা, ‘ঈদ পুনর্মিলনী ও প্যানেল পরিচিতি ২০২৬’ শুধু উৎসব উদযাপনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং দেশের পর্যটন শিল্পকে আরও ঐক্যবদ্ধ, সম্ভাবনামুখী এবং গতিশীল করে তোলার বার্তা দেবে।
TOAB Tourism Bangladesh Eid Reunion 2026
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!