ছবি: সংগৃহীত
বড় তারকা বা বিশাল বাজেট ছাড়াই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে ‘হনুমান অংশ’। মাত্র ২ কোটি রুপি ব্যয়ে নির্মিত সিনেমাটি মুক্তির ৩১তম দিনে ১০০ কোটি রুপির আয় অতিক্রম করেছে।
সিনেমাটির সবচেয়ে বড় সাফল্য এসেছে পঞ্চম সপ্তাহান্তে। ওই সময়ে এটি আয় করেছে ৪৫ কোটি ৬০ লাখ রুপি। একই সময়ে ‘ধুরন্ধর’ আয় করেছিল ৩৫ কোটি ৮০ লাখ রুপি। ফলে পঞ্চম সপ্তাহান্তের আয়ের হিসাবে ‘হনুমান অংশ’ নতুন রেকর্ড গড়েছে।
পঞ্চম সপ্তাহান্তের আয়ের তালিকায় বর্তমানে শীর্ষে রয়েছে ‘হনুমান অংশ’। এরপর রয়েছে ‘ধুরন্ধর’ ৩৫ কোটি ৮০ লাখ, ‘ছাবা’ ২২ কোটি, ‘স্ত্রী ২’ ১৬ কোটি এবং ‘পুষ্পা ২’ ১৪ কোটি রুপি।
মুক্তির শুরুতে অবশ্য সিনেমাটির ব্যবসা ছিল বেশ ধীর। প্রথম সপ্তাহে মাত্র ৯০ লাখ রুপি আয় করেছিল এটি। পরে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় ধীরে ধীরে বাড়তে থাকে সিনেমাটির আয়।
‘হনুমান অংশ’ মুক্তি পেয়েছিল মাত্র ২৫০টি প্রেক্ষাগৃহে। সিনেমাটিতে বড় কোনো মূলধারার তারকা না থাকলেও দর্শকদের আগ্রহে এর বক্স অফিস পারফরম্যান্স ক্রমেই শক্তিশালী হয়েছে।
বাণিজ্য বিশ্লেষকদের মতে, তারকানির্ভরতা ছাড়াই ১০০ কোটি রুপির বেশি আয় করা সিনেমাটির অন্যতম বড় সাফল্য। মুক্তির এক মাস পেরিয়েও প্রেক্ষাগৃহে এর ব্যবসা অব্যাহত রয়েছে।
‘হনুমান অংশ’ নির্মিত হয়েছে আধ্যাত্মিক সাধক নিম করোলি বাবার জীবন ও সাধনার বিভিন্ন ঘটনা অবলম্বনে। শৈশবে মায়ের মৃত্যুর পর বাড়ি ছেড়ে বেরিয়ে পড়া এবং পরবর্তী সময়ে আধ্যাত্মিক অনুসন্ধানের যাত্রাকে কেন্দ্র করেই সিনেমার গল্প এগিয়েছে।
লক্ষ্মণ দাস তথা নিম করোলি বাবার চরিত্রে অভিনয় করেছেন শোভিনব সত্য। সিনেমাটি পরিচালনা করেছেন ড. বিশাল চতুর্বেদী।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!