মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ইরানের বিরুদ্ধে আরও কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালি পুনরায় চালু করা নিয়ে আলোচনা অচলাবস্থায় থাকায় তেহরানের ওপর নতুন করে চাপ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন।
শুক্রবার (১৪ আগস্ট) ফক্স নিউজকে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘শক্তিশালী অর্থনৈতিক হামলা’ চালানোর কথা জানান। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের সময়সূচি এ ধরনের পদক্ষেপ গ্রহণে কোনো প্রভাব ফেলবে না বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছিলেন, আগামী সপ্তাহে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন কিছু অর্থনৈতিক পদক্ষেপ ঘোষণা করা হতে পারে। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর আর্থিক চাপ বাড়ানোর পাশাপাশি দেশটির বন্দরগুলোতে প্রবেশ সীমিত করতে নৌ অবরোধও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
সাম্প্রতিক সময়ে ইরানের আর্থিক নেটওয়ার্কের বিরুদ্ধেও একাধিক পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে ইরানের সঙ্গে অর্থ লেনদেনে জড়িত কয়েকটি মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান, ব্যাংক, ভুয়া কোম্পানি ও আর্থিক সহযোগীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন।
মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, এসব প্রতিষ্ঠান ইরানের হয়ে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ স্থানান্তরে সহায়তা করেছে।
এ ছাড়া ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে অর্থ লেনদেন, নিষেধাজ্ঞা এড়ানো এবং অবৈধভাবে অর্থ স্থানান্তরের অভিযোগে দুটি ডিজিটাল সম্পদ বিনিময় প্রতিষ্ঠান ও একটি বহুজাতিক করপোরেট নেটওয়ার্কের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনার মধ্যেই ট্রাম্পের নতুন অর্থনৈতিক চাপের হুমকি সামনে এলো। ফলে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!