যুক্তরাষ্ট্র   শুক্রবার ৫ জুন ২০২৬,২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘হেলদি এজিং’ সেমিনারে ক্রীড়া উন্নয়নের নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০২:০০ PM

৩২
‘হেলদি এজিং’ সেমিনারে ক্রীড়া উন্নয়নের নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী

আইইবির ‘হেলদি এজিং’ সেমিনারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ছবিঃ সবুজ নিশান

তরুণ প্রজন্মকে নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে সরকার ইউনিয়ন থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ক্রীড়া কাঠামো পুনর্গঠনে কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, শিশু-কিশোর ও তরুণদের দীর্ঘ সময় খেলাধুলার মধ্যে রাখতে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা বাছাইয়ের একটি ধারাবাহিক ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার (ইআরসি) মিলনায়তনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘হেলদি এজিং’ শীর্ষক সেমিনার ও স্পোর্টস টুর্নামেন্ট-২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ধারাবাহিক প্রতিযোগিতার মাধ্যমে খেলোয়াড় তৈরি করা হবে। ঈদের পর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শুরু হবে বলেও জানান তিনি। আগামী সেপ্টেম্বর থেকে পূর্ণাঙ্গ ক্রীড়া মৌসুম শুরু হয়ে মার্চ বা এপ্রিল পর্যন্ত চলবে, যাতে তরুণরা বছরের উল্লেখযোগ্য সময় খেলাধুলার মধ্যে থাকতে পারে।

তিনি আরও জানান, নতুন ক্রীড়া কাঠামোর আওতায় বর্তমানে আটটি খেলা বাধ্যতামূলক করা হয়েছে। আগামী মৌসুম থেকে ভলিবল ও টেবিল টেনিস যুক্ত হলে খেলার সংখ্যা বেড়ে দাঁড়াবে ১০টিতে। প্রতিভাবান খেলোয়াড়দের শিক্ষা ও প্রশিক্ষণ সহায়তাও দেওয়া হবে।

খেলাধুলার সঙ্গে জনস্বাস্থ্যের সম্পর্ক তুলে ধরে মো. আমিনুল হক বলেন, বর্তমান সময়ে শিশুদের মাঠমুখী করা গেলে তারা শারীরিকভাবে সুস্থ থাকবে এবং নানা রোগব্যাধি থেকেও দূরে থাকতে পারবে। তিনি বলেন, হাঁটাচলা, শরীরচর্চা ও নিয়মিত খেলাধুলা সুস্থ জীবনযাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নগর উন্নয়ন পরিকল্পনায় খেলার মাঠ ও হাঁটার পথের গুরুত্ব বাড়ছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, নতুন মাঠগুলো এমনভাবে নির্মাণ করা হচ্ছে যাতে সব বয়সী মানুষ শরীরচর্চার সুযোগ পান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী খান আতাউর রহমান সান্টু এবং সঞ্চালনা করেন প্রকৌশলী মো. আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু), অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান এবং প্রকৌশলী এ কে এম শোয়েব বাশরী হাবলু।

বিশেষ অতিথির বক্তব্যে প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, অতিরিক্ত মোবাইল ও প্রযুক্তিনির্ভর জীবনযাপনের কারণে তরুণদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে। তাই খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার পরিবেশ নিশ্চিত করা জরুরি।

অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান বলেন, প্রযুক্তিনির্ভর কর্মজীবনে প্রকৌশলীরা শারীরিক অনুশীলন থেকে দূরে সরে যাচ্ছেন। সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্য পরীক্ষা ও মানসিক সুস্থতার প্রতি গুরুত্ব দিতে হবে।

প্রকৌশলী এ কে এম শোয়েব বাশরী হাবলু বলেন, পেশাগত দক্ষতার পাশাপাশি ব্যক্তিগত সুস্থতাও দীর্ঘমেয়াদি কর্মক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ। খেলাধুলা ও স্বাস্থ্য সচেতনতা প্রকৌশলীদের কর্মক্ষমতা বাড়াতে সহায়তা করবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শ. ম. মনজুরুল ইসলাম চৌধুরী। তিনি বয়স বৃদ্ধির সঙ্গে শারীরিক ও মানসিক ভারসাম্য রক্ষা, সঠিক পুষ্টি ও নিয়মিত ব্যায়ামের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষ পর্বে স্পোর্টস টুর্নামেন্ট-২০২৬-এর বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় আইইবির ঊর্ধ্বতন কর্মকর্তা, ইআরসি ঢাকার সদস্য ও বিপুলসংখ্যক প্রকৌশলী উপস্থিত ছিলেন।

আইইবি ‘হেলদি এজিং’ সেমিনার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!