যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬,১৮ কার্তিক ১৪৩৩

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আদালতেই হবে: তথ্য উপদেষ্টা

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৩ জুন ২০২৬, ০৩:৩৭ PM | সর্বশেষ আপডেট: ২৩ জুন ২০২৬, ০৩:৩৮ PM ১৮৩
আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আদালতেই হবে: তথ্য উপদেষ্টা

ছবিঃ পুরোনো ছবি

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে চূড়ান্তভাবে নিষিদ্ধ হবে কি না— সে সিদ্ধান্ত আদালতের মাধ্যমেই নির্ধারিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তথ্য উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের বিষয়টি বর্তমানে বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত। তার ভাষায়, “আওয়ামী লীগ দলটা নিষিদ্ধ হবে কি না— সেটা নির্ধারিত হবে আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি)। তারা মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল কি না, সেই বিচার শেষে সিদ্ধান্ত আসবে।”

তিনি আরও জানান, বিচারাধীন অবস্থায় সন্ত্রাস দমন আইন ২০০৯ অনুযায়ী দলটির কর্মকাণ্ড সাময়িকভাবে নিষিদ্ধ রয়েছে। এ অবস্থায় কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি আয়োজন করা আইনগতভাবে অপরাধ হিসেবে গণ্য হবে বলেও তিনি মন্তব্য করেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমানে আওয়ামী লীগের প্রকাশ্যে শক্ত অবস্থান নেওয়ার মতো পরিস্থিতি নেই বলে তিনি মনে করেন। তার মতে, অতীতের ঘটনাগুলো জনগণের স্মৃতিতে এখনো স্পষ্ট রয়েছে, যা রাজনৈতিক বাস্তবতায় বড় প্রভাব ফেলছে।

তিনি আরও মন্তব্য করেন, যেসব গোষ্ঠী দুর্নীতি, লুটপাট ও মাফিয়াতন্ত্রের সঙ্গে যুক্ত থাকে, তাদের নৈতিক অবস্থান সাধারণত দুর্বল হয়ে পড়ে, ফলে জনসমক্ষে শক্ত অবস্থান নেওয়া তাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আগামী ৩০ জুন পর্যন্ত এসব এলাকায় সেনা মোতায়েন থাকবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে জানানো হয়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত কিছু সংগঠনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও নাশকতার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!