যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬,১৮ কার্তিক ১৪৩৩

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানাবে সরকার

nayeemur7377

nayeemur7377

প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ০২:৪৯ PM ৪০২
শেখ  হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানাবে সরকার

ছবি: সংগৃহীত

আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকায় দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বক্তব্য বা সাক্ষাৎকার প্রচার থেকে বিরত থাকতে দেশের গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছে সরকার।

মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

তিনি বলেন, আদালতের নির্দেশনা কার্যকর থাকা অবস্থায় কিছু গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়টি সরকারের নজরে এসেছে। প্রথম ধাপে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে সতর্ক করা হবে এবং পরে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নির্দেশনা পাঠানো হবে।

উপদেষ্টা জানান, সরকার আপাতত কঠোর কোনো পদক্ষেপ নিচ্ছে না। তবে আদালতের আদেশ মেনে চলা এবং আইনকে সম্মান করার বিষয়টি সংশ্লিষ্ট সব গণমাধ্যমের দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিদেশি গণমাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্মে কোনো বক্তব্য প্রকাশিত হলেও তা দেশীয় গণমাধ্যমে প্রচারের বৈধতা দেয় না। আদালতের নিষেধাজ্ঞা কার্যকর থাকা পর্যন্ত এমন প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত দলটির ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা বহাল থাকবে। তিনি জানান, 'রিফর্মড আওয়ামী লীগ', 'তৃণমূল আওয়ামী লীগ' বা অন্য কোনো নামে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগও বর্তমানে নেই।

তিনি আরও বলেন, সরকারের দৃষ্টিতে সন্ত্রাস দমন আইনের সংশোধিত বিধান বহাল রয়েছে এবং সেই আইনি কাঠামোর মধ্যেই আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান ব্যবস্থায় কোনো রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছে না। ফলে সব প্রার্থী স্বতন্ত্র পরিচয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে দেশের বিভিন্ন স্থানে আরবি ভাষায় কালিমা লেখা পতাকা উত্তোলনের ঘটনাও সরকারের নজরদারিতে রয়েছে বলে জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, বিষয়টির পেছনে কোনো পরিকল্পিত উদ্দেশ্য রয়েছে কি না, তা সংশ্লিষ্ট সংস্থাগুলো খতিয়ে দেখছে। আন্তর্জাতিক পরিসরে ভুল বার্তা যাওয়ার সম্ভাবনার বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

শেখ হাসিনা আদালতের নিষেধাজ্ঞা তথ্য উপদেষ্টা আওয়ামী লীগ বাংলাদেশ রাজনীতি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!